গ্রামীণ ব্যাংক যেভাবে চলছে সেভাবেই চলবে: মুহিত
গ্রামীণ ব্যাংকের কাঠামো পরিবর্তনের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৈঠকের শুরুতে বিএনপির জ্যেষ্ঠ সদস্য মওদুদ আহমদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, গ্রামীণ ব্যাংকের কাঠামো বিকেন্দ্রীকরণের চেষ্টা সরকারের জন্য ‘আত্মঘাতী’ হবে।
বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে গ্রামীণ ব্যাংকের ‘সব ক্ষমতা’ ফিরিয়ে দেবে এবং আগের মতো ‘স্বাধীনতা’ দেব বলেও তিনি আশ্বাস দেন।
জবাবে অর্থমন্ত্রী গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং এর পরবর্তী কার্যক্রম সম্পর্কে দীর্ঘ বিবরণ সংসদে তুলে ধরেন।
এ বিষয়ে প্রায় এক ঘণ্টা আলোচনা চলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ সময় উপস্থিত ছিলেন।
মুহিত বলেন, ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের মাধ্যমে সরকারের ৬০ শতাংশ ও গ্রামীণ ব্যাংক গ্রাহকদের ৪০ শতাংশ মালিকানা নিয়ে যাত্রা শুরু করে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী এই ব্যাংক।
এরপর ২০০২ সালে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ পরিবর্তন করে ৭৫ শতাংশ শেয়ার নারী গ্রাহকদের ও সরকারের শেয়ার ২৫ শতাংশ নির্ধারণ করা হয়। বর্তমানে এ নিয়মেই গ্রামীণ ব্যাংক চলছে।
“গ্রামীণ ব্যাংকের চরিত্র পরিবর্তনের কোনো উদ্দেশ্য আমাদের নেই। গ্রামীণ ব্যাংক যেভাবে চলছে সেভাবেই চলবে।”
ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের চেষ্টাকে ‘শান্তি স্থাপন’ বিবেচনা করে ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও এর প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
এরপর ২০১০ এর ডিসেম্বরে নরওয়ের টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেওয়া বিদেশি অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে স্থানান্তরের অভিযোগ ওঠে। এরপর দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।
এই পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায় একটি কমিশন গঠন করে সরকার। সম্প্রতি কমিশন তাদের প্রতিবেদনে ব্যাংকের বর্তমান কাঠামো বদলে বিকেন্দ্রীকরণের সুপারিশ করে বলে গণমাধমের খবর। এ বিষয়ে আলোচনার জন্য ২ জুলাই রাজধানীর বিয়াম মিলনায়তনে একটি কর্মশালারও আয়োজন করা হয়েছে।
এই প্রেক্ষাপটে সোমবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণ ও সরকারি শেয়ার বাড়ানোর পদক্ষেপ না নিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যাংকটির পরিচালনা পর্ষদের নয়জন নারী সদস্য।
এর সমালোচনা করে অর্থমন্ত্রী সংসদে বলেন, “একটি সেমিনার করার কথা আছে। যেখানে ইউনূস সাহেব মধ্যমনি। তিনি দাওয়াত পেয়েছেন কিনা জানি না। কিন্তু উনি এর মধ্যে একটা প্রেস কনফারেন্স করলেন, সরকারকে চাপ দেয়ার জন্য। তিনি আসলেই একজন রাজনীতিবিদ।
“ তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি। কিছু বলতে চাই না। তারপরেও বলতে বাধ্য হচ্ছি।”
ইউনূসের সামাজিক ব্যবসার সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, “ইউনূস সাহেব স্টেটমেন্ট দিয়েছেন- গ্রামীণ ফোনের সঙ্গে গ্রামীণ ব্যাংকের কোন সম্পর্ক নেই। বক্তব্যটি মিথ্যা, মিথ্যা। সঠিক নয়।”
মুহিত জানান, গ্রামীণ নামে সামাজিক ব্যবসার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার সবগুলোরই চেয়ারম্যান মুহাম্মদ ইউনূস এবং এসব কোম্পানিতে তার পরিচয় উল্লেখ করা হয়েছে গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর।
“কার্যত গ্রামীণ ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে অন্য উৎস থেকে ঋণ নেয়া হলেও সেই ঋণের গ্যারান্টি দেয়া হয়েছে গ্রামীণ ব্যাংক থেকে। অথচ এসব প্রতিষ্ঠান থেকে গ্রামীণ ব্যাংকের শেয়ার হোল্ডারদের কোনো লভ্যাংশ দেওয়া হয়নি।”
তিনি জানান, ১৫ দিনের মধ্যে এ সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন তার হাতে আসবে। পরে তিনি তা সংসদে উপস্থাপন করবেন।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইউনূসের পদত্যাগের প্রেক্ষাপট তুলে ধরে মুহিত বলেন, “পদত্যাগ করার পর থেকেই উনি এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজ করতে লেগে গেলেন। তিনি প্রথমে সবাইকে বললেন-আপনারা আপনাদের ডিপোজিট উইথড্র করেন। যারা চাকরি করতেন- তাদের বললেন, তোমাদের চাকরি শেষ। তোমরা রাস্তায় আন্দোলন করো।”
ইউনূস গ্রামীণ ব্যাংক ছাড়ার পর প্রতিষ্ঠানটির অনেক উন্নতি হয়েছে বলেও অর্থমন্ত্রী দাবি করেন।
“উনি সময় দিতে পারতেন না। বোর্ড সভা হতো না, সিদ্ধান্ত হতো না। গ্রামীন ব্যাংকের কার্যক্রম তার সময় যা ছিল এখন আরো বেড়েছে। গত ডিসেম্বরের হিসাব অনুযায়ী দেশের ব্যাংকিং খাতে ক্ষুদ্র ঋণের অংশগ্রহণ ৩৩ হাজার কোটি টাকা, যেটা ইউনূস সাহেবের সময় ১৬ হাজার কোটিতে থেমে ছিল।”
ক্ষুদ্রঋণের প্রসারে সরকারের ভূমিকার কথাও সংসদে তুলে ধরেন মুহিত।
তিনি বলেন, ১৯৯৮ সালের বন্যায় গ্রামীণ ব্যাংক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন সরকার ৪০০ কোটি টাকা দিয়ে সহায়তা করেছিল। জাতিসংঘে মাইক্রোক্রেডিট রেজুলেশন গ্রহণ করার ক্ষেত্রেও সরকারের ভূমিকা কাজ করেছে।
