‘প্রবাসীদের ভোট দেয়ার পথ হচ্ছে’
প্রবাসী বাংলাদেশিরা যাতে বিদেশে বসেই ভোট দিতে পারেন সেজন্য গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “এখন প্রবাসী বাংলাদেশিরা নির্বাচনের সময় দেশে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রবাসী ভোটাররা যাতে বিদেশ থেকেই ভোট দিতে পারেন সে লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
নূরুল মজিদ জানতে চান, প্রবাসী ও নির্বাচনে নিয়োজিত ব্যক্তিদের জন্য ‘ডিজিটাল পদ্ধতিতে’ ভোট দেয়ার কোনো ব্যবস্থা করা হবে কিনা।
এর উত্তরে প্রধানমন্ত্রী জানান, এ ধরনের কোনো পরিকল্পনা এ মুহূর্তে নির্বাচন কমিশনের নেই।
হালনাগাদের পর বর্তমানে দেশের প্রায় ৯ কোটি ২১ লাখ নাগরিক ছবিসহ ভোটার তালিকায় রয়েছেন।
প্রবাসীদের ভোটার করতে কয়েক দফা উদ্যোগ নেয়া হলেও কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বোধীন বর্তমান নির্বাচন কমিশন তা নিয়ে আর এগোয়নি। তবে প্রবাসীরা দেশে এসে উপযুক্ত তথ্যপ্রমাণ দিয়ে ভোটার হতে পারেন।
কওমী মাত্রাসা নিয়ে ক্ষমতাসীন দলের মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, “কওমী মাদ্রসাগুলো সরকারের নিয়ন্ত্রণাধীন নয়। সরকার কওমী মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করেছে। ওই কমিশন কওমী শিক্ষানীতি-২০১২ এর খসড়া প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়ে দাখিল করেছে। সেটি পরীক্ষা নিরীক্ষা করে পদক্ষেপ নেয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।”
আওয়ামী লীগের মনোরঞ্জন শীল গোপালের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়ের পর পেট্রোবাংলা মিয়ানমারের কোনো আপত্তি ছাড়াই বঙ্গোপসাগরে ১২টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্যে আন্তর্জাতিক দরপত্র ডেকেছে।
“শুধু তাই নয় বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের জাহাগুলো মিয়ানমারের কোনো বাধা ছাড়াই নতুন সমুদ্রসীমা এলাকায় টহল দিতে পারছে। বাংলাদেশের মাছ ধরার ট্রলারগুলোও কোনো বাধার মুখে পড়ছে না।”
