২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুদুরবুদুর ডটকমে সংসদ

বিরোধী দলের এক নারী সংসদ সদস্যের মুখে উচ্চারিত ‘চুদুরবুদুর’ শব্দ নিয়ে সংসদ ও সংসদের বাইরে ব্যাপক আলোচনার মধ্যেই সংসদের অফিসিয়াল ওয়েবসাইট ‘চুদুরবুদুর ডটকম’ থেকে দেখা যাচ্ছে।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 03:06 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

মঙ্গলবার বিকাল থেকে chudurbudur.com এই ঠিকানায় কেউ ব্রাউজ করলেই সংসদের ওয়েবসাইট এবং এর সব কন্টেন্ট দেখতে পাচ্ছেন।

জাতীয় সংসদের ওয়েবসাইটের ঠিকানা parliament.gov.bd।

চুদুরবুদর ডটকম থেকে সংসদের ওয়েবসাইট দেখা যাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে সংসদ সচিবালয়ের সচিব মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতোমধ্যে ওই ওয়েবসাইট ব্লক করে দেয়ার জন্য বিটিআরসিকে বলা হয়েছে।”

তবে ‘চুদুরবুদুর ডটমের’ ঠিকানায় সংসদের অফিসিয়াল ওয়েবসাইটের ডটগভ ডটবিডি নেই বলে জানান তিনি।

গত ৯ জুন সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনার সময় বিএনপির সংরক্ষিত আসনের সদস্য রেহানা আক্তার রানু তার বক্তব্যে ‘চুদুরবুদর’ শব্দটি ব্যবহার করেন।

তিনি ওই দিন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে বলেছিলেন, “তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুরবুদুর চইলত ন।”

ফেনীর বাসিন্দা রেহানা তার অঞ্চলের ভাষায় সরকারকে হুঁশিয়ার করলে সরকারি সদস্যরা তীব্র প্রতিবাদ করেন। হুইপ আসম ফিরোজও রানুর বক্তব্যকে ‘অশোভন’ আখ্যা দিয়ে এক্সপাঞ্জের দাবি জানান।

এর চার দিনের মাথায় ১৩ জুন চুদুরবুদুর ডটকম দুই বছরের জন্য গোড্যাডি ডটকমের মাধ্যমে নিবন্ধন করা হয়। নিবন্ধকের নাম হিসেবে রয়েছে ‘বাংলাদেশ পার্লামেন্ট’। পাশাপাশি একটি অস্তিত্বহীন মোবাইল নম্বরও রয়েছে সেখানে।

‘চুদুর-বুদুর’ শব্দটি নিয়ে সংসদে উত্তাপের পর আলোচনা গড়ায় আন্তর্জাতিক পর্যায়েও। ভারতের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজারও শব্দটির উৎপত্তি ও অর্থ বিচার করে তা অশ্লীল কি না- তা খতিয়ে দেখার চেষ্টা করে।  

আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়, ‘চুদুরবুদুর’ গ্রাম্য শব্দ, অশ্লীল নয়। নোয়াখালীর বাসিন্দা শিরীন শারমিনও বলছেন, “শব্দটি অশালীন নয়।”

শব্দটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেয়া হবে না বলেও জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

গত সোমবারের অধিবেশনে ২৭৪ বিধিতে ব্যক্তিগত কৈফিয়ত দেয়ার জন্য দাঁড়িয়ে ক্ষমতাসীন দলের জুনাইদ আহমেদ পলক জাতীয় সংসদে প্রতিটি ‘অশালীন’ শব্দ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে ৩০ হাজার টাকা করে জরিমানা করার দাবি তোলেন।

অশালীন বক্তব্য দিলে অন্তত একদিনের জন্য হলেও সংশ্লিষ্ট সংসদ সদস্যকে অধিবেশন থেকে বহিষ্কারের অনুরোধ জানান তিনি।