হেফাজতের তাণ্ডব: সালাউদ্দিনের লাশ উত্তোলন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় নিহত ট্রাকচালক সালাউদ্দিনের লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঢাকার দোহার থানার শিমুলিয়া কবরস্থান থেকে সালাউদ্দিনের লাশ উত্তোলনের পর ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সততা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার জানান, এ সময় সেখানে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাং সুমহান উপস্থিত ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, গত ৬ মে সিদ্ধিরগঞ্জে হেফাজতের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ চলাকালে চট্টগ্রাম থেকে ট্রাক নিয়ে চালক সালাউদ্দিন মাদানীনগর এলাকায় আটকা পড়েন।
“সংঘর্ষে সালাউদ্দিনের মাথায় আঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে আশপাশের লোকজন উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
ওসি জানান, পরে উন্নত চিকিৎসার জন্য সালাউদ্দিনকে ধানমন্ডির একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। আত্মীয়-স্বজনরা গ্রামের বাড়ি দোহারে নিয়ে তার লাশ দাফন করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী সীমা আক্তার বাদী হয়ে ১৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো অনেককে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন বলে জানান ওসি।
তিনি জানান, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ময়না তদন্তের জন্য লাশ কবর থেকে উত্তোলনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে।
আদালতের নির্দেশে মঙ্গলবার বিকেলে সালাউদ্দিনের লাশ উত্তোলন করা হয় বলে জানান ওসি।
