বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক
নেত্রকোনার দূর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।
এরা হলেন- উপজেলার ফাড়ংপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. সিদ্দিকুর রহমান (১৬) এবং একই গ্রামের মৃত মুকশেদ আলীর ছেলে মো. জহুর আলী (৩৬)।
১১ নম্বর বিজিবির লেফটেন্যান্ট কর্নেল সিরাজ জানান, সিদ্দিকুর ও জহুর আলী রাত ৩টার দিকে সুমেশ্বরী নদী থেকে কয়লা আহরণ করছিলেন। এক পর্যায়ে তারা সীমানা পেরিয়ে ভারতের মধ্যে ঢুকে পড়লে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।
বিএসএফ সদস্যরা দুজনকে মেঘালয় রাজ্যের বাঘমারা থানায় হস্তান্তর করেছে বলে জানান তিনি।
তাদের ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে বিজিবি কর্মকর্তা সিরাজ জানান।
