২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এজলাসে হঠাৎ অসুস্থ সাকা চৌধুরী

সাফাই সাক্ষ্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 11:37 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

বিকাল সাড়ে ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গে আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। এরপর তাকে একটি প্রিজন ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সালাউদ্দিন কাদেরকে রওনা হওয়ার পরামর্শ দেন। তবে বিএনপি নেতা তাতে অস্বীকৃতি জানালে তৎক্ষণাৎ তাকে নিয়ে রওনা দেয়া হয়।

বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সকালে ষষ্ঠ দিনের মতো সাক্ষ্য দেয়া শুরু করেন এই সংসদ সদস্য।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের গত ১৭ জুন থেকে নিজের পক্ষে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেয়া শুরু করেন।

মধ্যাহ্ন বিরতির পর সাক্ষ্য দেয়ার এক পর্যায়ে হঠাৎ বসে পড়েন সালাউদ্দিন কাদের। তার দিকে তাকিয়ে অসুস্থতা বুঝতে পেরে বুধবার পরবর্তী শুনানির দিন ঠিক করে আদালতের কার্যক্রম মুলতবি করে ট্রাইব্যুনাল।

তখন আদালতে উপস্থিত সালাউদ্দিনের ছোট ছেলে হুমাম কাদের চৌধুরী বাবার দিকে দৌড়ে যান। তাকে নিয়ে আইনজীবীদের বসার বেঞ্চে এনে বসিয়ে শুশ্রূষা করা হয়। প্রসিকিউটররাও সবাই সেদিকে এগিয়ে যান।

এরপর সালাউদ্দিন কাদেরকে আদালত কক্ষ থেকে নিচে নামানো হয়। সেখান থেকে বিএনপি নেতাকে নিয়ে প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারে রওনা হয়।

সকালে সাক্ষ্যগ্রহণের শুরু থেকে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সালাউদ্দিন কাদেরের বক্তব্যের পুরো অংশজুড়েই ছিলো তার বাবা ফজলুল কাদের চৌধুরীর রাজনৈতিক জীবনের ইতিহাস।

পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ফজলুল কাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর গ্রেপ্তার এই মুসলিম লীগ নেতা বন্দি অবস্থায় মারা যান।

সালাউদ্দিন কাদের সাক্ষ্য দেয়ায় দীর্ঘ সময় নেয়ায় মধ্যাহ্ন বিরতির আগে তাকে আবারো বক্তব্য সংক্ষিপ্ত করার তাগিদ দেয় ট্রাইব্যুনাল।

মধ্যাহ্ন বিরতির ঠিক আগে প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন দীর্ঘ বক্তব্যে আপত্তি জানালে বিএনপির নেতা বলেন, “মাই লর্ড, আমার ডিপোজিশন শেষ করতে চাইলে এখানেই শেষ করে আমার ফাঁসি দিয়ে দেন। আমার বিরুদ্ধে সিরিয়াস চার্জ আছে।”

প্রসিকিউটর আব্দুর রহমান হাওলাদার তখন উষ্মা প্রকাশ করে বলেন, “মাই লর্ড, প্রতিদিন কাঠগড়ায় দাঁড়িয়ে একই কথা, ‘ফাঁসি দিয়ে দেন-ফাঁসি দিয়ে দেন’। এ কেমন কথা?

Image
‘নূতন চন্দ্রকে গুলি করেন সাকা চৌধুরী’

‘নূতন চন্দ্রকে গুলি করেন সাকা চৌধুরী’

তখন সালাউদ্দিন কাদের বলেন, “আমাকেও প্রতিদিন একই কথা বলা হয়। আমি এই প্রেসার নিতে পারছি না। আমি প্রথমে আমার বাবার কথা বলবো, তারপর নিজের কথা বলবো, এরপর আসবে মামলার কথা। চার্জেও এভাবেই এসেছে।”

“এতক্ষণ রাজনৈতিক জীবনের বক্তব্য দিয়েছি, এখন ফজলুল কাদেরের ছেলে হিসেবে বলছি।”

ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি ফজলে কবীর তখন বলেন, “আপনি যেভাবে পারেন সেভাবেই বলেন।”

“আমি চেষ্টা করছি,” বলেন সালাউদ্দিন কাদের।

তখন চেয়ারম্যান বলেন, “তবে গতকাল (রোববার) আপনাকে সময়ের কথা বলেছি সেটা মাথায় রেখে বলেন।”

এরপর মধ্যাহ্ন বিরতির জন্য আদালত মুলতবি হয়। মধ্যাহ্ন বিরতির পর শুনানি পুনরায় শুরুর কিছু সময় পর অসুস্থ হয়ে পড়েন আসামি।  

সকালে সালাউদ্দিন কাদেরের আইনজীবী ফখরুল ইসলাম সাফাই সাক্ষীর সংখ্যা বিষয়ক আদেশ পুনর্বিবেচনা, প্রসিকিউশনের দাখিলকৃত নথিপত্র আদালতে অগ্রহণযোগ্য ঘোষণা এবং মামলার কার‌্যক্রম ৭ জুলাই পর‌্যন্ত মুলতবি করার জন্য ট্রাইব্যুনালে তিনটি আবেদন করেন।

সেগুলোর শুনানির জন্য বুধবার দিন রেখেছে ট্রাইব্যুনাল।

পুরনো খবর:

আমার না হলে, ফাঁসি কারো হবে না: সাকা
বঙ্গবন্ধুর আত্মজীবনী হাতে নিয়ে সাক্ষ্য শুরু সাকা চৌধুরীর