তরুণ-তরুণীর ‘আত্মহত্যা’
‘প্রেমের সম্পর্কে পরিবারের সম্মতি না পেয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা’ করেছেন দিনাজপুরের দুই তরুণ-তরুণী।
এরা হলেন দিনাজপুর সদরের গোপালগঞ্জ গ্রামের মো. বাবুর ছেলে সুমন (২২) এবং পশ্চিম রামনগর গ্রামের এখলাকের মেয়ে শিল্পী (১৭)।
রোববার রাতে দিনাজপুরের ভবানীপুর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
সোমবার ময়নাতদন্তের জন্য লাশ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিনাজপুর জিআরপি থানার ওসি গোলজার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সান্তাহার থেকে পঞ্চগড়গামী সেভেনআপ ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন এ দুজন।
স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরিবারের লোকজন তা মেনে না নিয়ে মেলামেশায় বাধা দেয়।
ধারণা করা হচ্ছে সে কারণেই তারা আত্মহত্যা করেছেন, বলেন ওসি।
