মহাখালী ফ্লাইওভারে গাড়ি ছিনতাই
রাজধানীর মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে অস্ত্রের মুখে বিমানবন্দরগামী একটি প্রাইভেট কার ছিনতাই হয়েছে।
বনানী থানার ওসি মাহবুব হোসেন ভূঁইয়া জানান, সোমবার ভোররাতে মহাখালী ফ্লাইওভারের ওপরে আরোহীদের নামিয়ে দিয়ে টয়োটা গাড়িটি নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।
ঘটনার বর্ণনায় সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি সেমিনারে অংশ নিতে আমার স্ত্রী তুরস্ক যাচ্ছিলেন। তাকে বিমানে তুলে দিতে ভোর ৪টার দিকে আমরা জিগাতলার বাসা থেকে বের হই। গাড়ি ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় সাদা রংয়ের একটি মাইক্রোবাস আমাদের পথ আটকায়।”
এরপর মাইক্রোবাস থেকে চার/পাঁচজন যুবক নেমে এসে তাদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে মালামালসহ গাড়ি নিয়ে চলে যায় বলে জানান সোহেল।
“গাড়িতে ল্যাপটপ, দামি মোবাইল ফোনসহ আমার স্ত্রীর হ্যান্ডব্যাগ ও লাগেজ ছিল। তার পাসপোর্টও খোয়া গেছে।”
সাইফুল এ ব্যাপারে বনানী থানায় একটি মামলা করেছেন। ছিনতাইকারীদের ধরতে পুলিশ এরই মধ্যে মাঠে নেমেছে বলে ওসি জানান।
