২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নকল’ মাঠা থেকে শিশুখাদ্য সব মেলে সাভারে

ভেজাল ও নকল পণ্য তৈরির কারখানায় সয়লাব হয়ে গেছে সাভারের আবাসিক এলাকাগুলো।

সেলিম আহমেদ

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 06:29 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এসব পণ্যের কারখানা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনী জানলেও অজ্ঞাত কারণে নিষ্ক্রিয় রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

তবে পুলিশের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে ইলেকট্রনিক পণ্য, প্রসাধন সামগ্রী, ওষুধ, মাঠা, যৌন উত্তেজক পানীয় এমনকি বিভিন্ন শিশুখাদ্যও উৎপাদিত হচ্ছে এসব কারখানায়।

অনুমোদন না থাকলেও কারখানার ভেতরে পৌরসভা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ‘ট্রেড লাইসেন্স’ টানানো আছে।

পৌর এলাকার ছায়াবীথি মহল্লার ফারুক খানের বাড়িতে দুই বছর ধরে চলছে নকল ব্লাস্টার ও রং তৈরির কারখানা। ওই কারখানার কোনো অনুমোদন নেই বলে স্বীকার করেছেন এর মালিক ফারুক খান।

একই এলাকায় হংকং বিউটি কর্নার নামে একটি নকল প্রসাধন কারখানা গড়ে তুলেছেন স্থানীয় ব্যবসায়ী বাবু।

এছাড়া সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়ার আব্দুর রশিদের মালিকানাধীন জিনিয়াল ল্যাবরেটরিজ, ভাটপাড়ার ওয়াসীমের মালিকানাধীন জিনিসিন ফ্যাক্টরি, আশুলিয়ার বগাবাড়িতে জুয়েলের মালিকানাধীন হর্স ফিলিংস ফ্যাক্টরি, পৌর এলাকার আইচানোয়াদ্দা মহল্লার টিউলিপ ইউনানি, নামা গেন্ডা এলাকার জিনি ল্যাবরেটরিজ লি., আশুলিয়ার নিরিবিলি এলাকায় জীবন চৌধুরীর মালিকানাধীন জিনি ল্যাবরেটরিজসহ প্রায় ১৫টি কারখানার সন্ধান পাওয়া গেছে।

পরিবেশ অধিদপ্তর অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই এগুলো চলছে বলে মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে।

বেশ কিছুদিন আগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কয়েকটি কারখানায় জরিমানা করে সিলগালা করা হলেও পরে ‘পুলিশ ও স্থানীয় প্রশাসনকে মাসিক চাঁদা দিয়ে’ তা আবার চালু করা হয়েছে বলে মালিকপক্ষ জানায়।

জিনি ল্যাবরেটরিজ নামের যৌন উত্তেজক পানীয় তৈরির কারখানাটির মালিক আব্দুর রশিদ জানান, থানা পুলিশকে ম্যানেজ করেই এগুলো তৈরি করা হচ্ছে।

আশুলিয়ার বগাবাড়ি এলাকার হর্স কারখানার মালিক জুয়েল জানান, আশুলিয়া থানায় ‘মাসোহারা’ দিয়েই দুই বছর ধরে এ কারখানা চলছে।

অপরদিকে সাভারের বিভিন্ন এলাকায় গরু মোটাতাজাকরণের ভিটামিন ওষুধসহ পশু ও হাঁসমুরগির বিভিন্ন নকল ওষুধ তৈরির কারখানাও এই প্রতিবেদকের চোখে পড়েছে।

এরমধ্যে রয়েছে পৌর এলাকার মজিদপুর মহল্লার মাইশা ফার্মা, ডগরমোড়া এলাকার কৃষাণ এগ্রো ফুড ও কেসিসি বাংলাদেশ, গেন্ডা এলাকার কনফিডেন্স ফার্মা, সাভারের হেমায়েতপুরের জয়নাবড়ি এলাকার মেসার্স এম এস এগ্রো ফুড, একই এলাকার জিডি এস এগ্রো, আশুলিয়ার দুর্গাপুর এলাকার এডভান্স এগ্রো, ব্যাংক টাউন এলাকার মেটরেড ইন্টারন্যাশনাল লিমিটেডসহ প্রায় ২০টি কারখানা।

তবে এসব কারখানা সম্পর্কে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো তথ্য নেই।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাসোহারা নেয়া তো পরের কথা। এসব ভেজাল পণ্য, খাবার ও প্রসাধন সামগ্রী তৈরির কারখানার কোনো তথ্যই তো পুলিশের কাছে নেই।

তবে তালিকা পেলে অভিযান চালানো হবে বলে তিনি জানান।

এদিকে সাভার উপজেলায় নতুন যোগ দেয়া নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন এসব নকল পণ্য তৈরির কারখানা থাকার কথা স্বীকার করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের ইউএনও এসব পণ্যের কারখানায় একাধিক অভিযান পরিচালনা করেছিলেন। তিনিও কাগজপত্র খুঁজে বের করে এসব নকল পণ্য তৈরির কারখানার তালিকা করে অভিযানে নামবেন।