২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ২

কুষ্টিয়ার খোকসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে দুই গ্রামবাসী নিহত হয়েছেন। আহত হন তিন জন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 06:15 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ জানান, জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া গ্রামে রোববার গভীর রাতে এ হামলা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এলাকাবাসীর বরাত দিয়ে খোকসা থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, রাত সাড়ে ১২টার দিকে ১০/১৫ জন সশস্ত্র যুবক রমজান সর্দারের বাড়িতে হানা দেয়। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে আবু তালেব (৫৫) ও শরিফুল (৪৫) মারা যান।

আহত হন রমজান সর্দার (৪৫),  ইসমাইল মণ্ডল (৪০) ও জীবনকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আটকদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হামলা হয় বলে গ্রামবাসীরা ধারণা করছেন, বলেন ওসি।