‘যুদ্ধাপরাধীদের তালিকা হবে’
সরকারিভাবে একাত্তরের যুদ্ধাপরাধীদের কোনো তালিকা এ পর্যন্ত না হলেও এ ধরনের একটি তালিকা করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম।
সংসদ অধিবেশনে সরকারি দল ও বিরোধী দলের একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের।
পাপিয়া জানতে চান, মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত কোনো কর্মকর্তা বা জেলপ্রশাসক রাজাকার ছিলেন কি না। সেই সময় জেলা প্রশাসকরা পাকিস্তানি সৈন্যদের হুকুম তামিল করত কি না।
জবাবে প্রতিমন্ত্রী বলেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলার সময় বাংলাদেশের স্বাধীনতাবিরোধী রাজাকারদের এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী চিহ্নিত যুদ্ধাপরাধীদের সঠিক নামের তালিকা সরকারিভাবে তৈরি করা হয়নি এবং সংরক্ষণও করা হয়নি।”
মুক্তিযুদ্ধ চলাকালে প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা বা জেলা প্রশাসক রাজাকার ছিলেন কি না- তার কোনো তথ্যও মন্ত্রণালয়ে নেই বলে জানান তিনি।
তাজুল ইসলাম বলেন, “তবে রাজাকারদের নামসহ তালিকা প্রণয়নের পরিকল্পনা সরকারের রয়েছে। মুক্তিযুদ্ধকালীন সময়ে জেলা প্রশাসকরা পাকিস্তান প্রজাতন্ত্রের কর্মকর্তা ছিলেন। তারপরও অধিকাংশ জেলা প্রশাসক সে সময় পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন।”
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধ বিষয়ক এই মন্ত্রণালয় করা হয় এবং যুদ্ধাপরাধের বহু প্রতিক্ষিত বিচার শুরু হয়।
২০১০ সালে কাজ শুরু করা আন্তর্জাতিক অপরাধ আদালতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় এ পর্যন্ত তিন জামায়াত নেতার ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এছাড়া আরো দুজনের রায় অপেক্ষমাণ।
