ট্রাকচাপায় প্রাণ গেল তিন অটোরিকশা আরোহীর
সিরাজগঞ্জের সদানন্দপুরে সড়ক দুর্ঘটনায় তিন অটোরিকশা আরোহীর মৃত্যু হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক আব্দুল লতিফ জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
উপ-পরিদর্শক লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অটোরিকশাটি বঙ্গবন্ধু সেতুর সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশার সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় এবং চালক কালাম ও যাত্রী রেজাউল ঘটনাস্থলেই নিহত হন।
অটোরিকশার অপর যাত্রীকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক বা চালককে আটক করতে পারেনি।
এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে উপ-পরিদর্শক লতিফ জানান।
