‘টিকফা অবশ্যপালনীয় নয়’
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্ট (টিকফা) ‘অবশ্যপালনীয়’ কোনো চুক্তি নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
তিনি বলেছেন, “এটি একটি দ্বিপক্ষীয় চুক্তি, যার আওতায় দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির জন্য নিয়মিত আলোচনার একটি ফোরাম গঠন করা হবে। উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য যেসব বিষয় উপযুক্ত মনে হবে, সেগুলো এই ফোরামে আলোচিত হবে। এটি কোনো অবশ্যপালনীয় চুক্তি না।”
রোববার জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ মো. রহমত আলীর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী এ কথা জানান।
রহমত আলী জানতে চান, টিকফা বাস্তাবায়িত হলে দেশের জাতীয় নিরাপত্তা যুক্তরাষ্ট্রের হাতে চলে যাবে কি না? ওই চুক্তির খসড়া জাতীয় সংসদে উত্থাপন করা হবে কি না?
জবাবে দীপু মনি বলেন, যেহেতু বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধিই টিকফার উদ্দেশ্য, তাই এতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো বিষয় নেই। জাতীয় নিরাপত্তা যুক্তরাষ্ট্রের হাতে চলে যাওয়ার কোনো আশঙ্কা নেই।”
টিকফার খসড়া ইতোমধ্যে মন্ত্রিপরিষদের অনুমোদন পাওয়ায় এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সুবিধাজনক সময়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানান মন্ত্রী।
বিভিন্ন বাম দলের বিরোধিতার মধ্যেই গত ১৭ জুন মন্ত্রিসভার বৈঠকে টিকফা চুক্তির খসড়া অনুমোদন করা হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, এই চুক্তি হওয়ার পর ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ ‘সঙ্কুচিত হবে’।
তিনি জানান, সংরক্ষণশীল বাণিজ্য ও বিনিয়োগ নীতি পরিহার করার প্রয়োজনীয়তা, মেধাস্বত্ব অধিকার সংরক্ষণের গুরুত্ব, দুর্নীতিবিরোধী বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশনের গুরুত্ব এবং শ্রম অধিকারের বিষয়ে বাংলাদেশের আন্তজার্তিক অঙ্গীকারের কথা বলা হয়েছে প্রস্তাবনায়।
দীপু মনি বলেন, “সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশনের এক রায়ে বলা হয়েছে, দ্বিপক্ষীয় চুক্তি সংসদে উপস্থাপন করার বাধ্যবাধকতা নাই। তবে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গে তা পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হবে।”
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের দাবি দীর্ঘ দিনের। স্বল্পোন্নত দেশ হওয়ার পরও বাংলাদেশ এ সুবিধাটি পাচ্ছে না টিকফা চুক্তি না হওয়ার কারণে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, এ চুক্তি হলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি কয়েকগুণ বাড়বে।
তবে বিভিন্ন বাম দল এই চুক্তির বিরোধিতায় বলে আসছে, মেধাসত্ব আইনের কঠোর বাস্তবায়ন হলে তা যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক হাতিয়ারে পরিণত হবে। এই চুক্তি এসব কোম্পানিকে মাত্রাতিরিক্ত মুনাফা করার সুযোগ করে দেবে।
