‘প্রতিবন্ধী শিশুদেরও যোগ্য করে গড়ে তুলতে হবে’
প্রতিবন্ধী শিশুদের তাদের উপযোগী শিক্ষা দিয়ে কাজে দক্ষ করে তোলার মাধ্যমে সমাজে মূল স্রোতে অন্তর্ভুক্তির ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেছেন, “প্রতিবন্ধী শিশুদের এমন শিক্ষায় অন্তর্ভূক্ত করতে হবে, যেন তারা পরবর্তীতে ওই শিক্ষা কাজে লাগিয়ে জীবিকা নির্বাহ করতে পারে।”
রোববার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ইউনিসেফের ‘বিশ্ব শিশু পরিস্থিতি ২০১৩ : প্রতিবন্ধী শিশু’ শীর্ষক বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
এরই মধ্যে চারজন দৃষ্টি প্রতিবন্ধীকে বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “যদিও তাদের নিয়োগ দেয়ার সময় অনেকে বিরোধিতা করেছিলেন, কিন্তু তারা নিজের যোগ্যতা প্রমাণ করতে পেরেছিলেন বলেই তাদের নিয়োগ দেয়া হয়েছে।”
প্রতিটি বিদ্যালয়ে একজন কাউন্সেলর নিয়োগের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান মন্ত্রী, যাতে শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা বলতে পারে।
প্রতিবন্ধী শিশুদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন বলেও মনে করেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, অন্য ১০টি শিশুর মতো প্রতিবন্ধী শিশুদের অধিকার রয়েছে।
শিশু অধিকার আইন চূড়ান্ত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শিগগিরই সংসদে তা পাস হবে।
অনুষ্ঠানে ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক বলেন, “শিশু না ভেবে তাকে যদি প্রতিবন্ধী ভাবা হয়, তবে সেটা শুধু ভুলই নয় বরং সমাজে অবদান রাখার সুযোগ থেকে তাকে বঞ্চিত করাও বটে। আর এতে সমাজেরই ক্ষতি।”
ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবন্ধী শিশুরা বিশ্বের সবচেয়ে বেশি সুবিধাবঞ্চিত মানুষের অন্যতম। তারা স্বাস্থ্য সেবা বা বিদ্যালয়ে যাওয়ার সুযোগ খুব কম পায়। আর শিশুটি যদি দারিদ্রের মধ্যে বাস করে তবে সেই সুযোগ পায় না বললেই চলে।
অনুষ্ঠানে ইউনিসেফের আবাসিক প্রতিনিধি প্যাসকেল ভিলেনোভ এবং প্রতিবন্ধী শিশুদের প্রতিনিধি হিসেবে মাহিয়া আক্তার পায়েল ও রাকিব বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ‘হ্যালো’র সাংবাদিক সামিন ইয়াসার প্রিয়ম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবন্ধী শিশুদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে প্রকৃত অর্থে তাদের জীবনে কোনো পরিবর্তন আসবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিচালিত ‘হ্যালো’ শিশুদের দ্বারা পরিচালিত প্রথম বাংলা নিউজ পোর্টাল। এতে সহযোগিতা করছে ইউনিসেফ।
আরেক শিশু সাংবাদিক নানজীবা ফাতেমা মনে করেন, প্রতিবন্ধী শিশুদের জন্য অন্য শিশুদেরও এগিয়ে আসতে হবে।
“আমাদের (শিশুদের) সামনে যদি কেউ প্রতিবন্ধী কোনো শিশুর সঙ্গে খারাপ আচরণ করে, আমরা এর প্রতিবাদ করবো এবং যে খারাপ আচরণ করছে তাকে বোঝাতে চেষ্টা করবো।”
