২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অনশনে বিড়ি শ্রমিকরা

প্রস্তাবিত বাজেটে বিড়ির উপর ধার্য শুল্ক প্রত্যাহার ও নূন্যতম মজুরি বোর্ড গঠনের দাবিতে বরিশালে আমরণ অনশন শুরু করেছেন বিড়ি শ্রমিকরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 08:56 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

রোববার বেলা ১১টায় নগরীর বিবির পুকুর পাড় সংলগ্ন সোহেল চত্বরে অনশনে অংশ নেন কয়েকশ’ শ্রমিক।

যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন ও বরিশাল কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়ন।

অনশন চলাকালে বক্তৃতা করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হাকিম, বরিশাল কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রনব চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক আব্দুল হালিম হাওলাদার, সংগঠনের সাবেক সভাপতি আ. জলিল জমাদ্দার ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, বিড়ি শিল্পের মাধ্যমে এখনো দেশের কয়েক লাখ নারী, পুরুষ, অসহায় পঙ্গু প্রতিবন্ধী জীবিকা নির্বাহ করছেন।

এ উপার্জন থেকে শ্রমিকরা মা-বাবা ও সন্তানদের মুখে আহার তুলে দিচ্ছেন।

কিন্তু ২০১৩-১৪ অর্থবছরে যে বাজেট ঘোষণা হয়েছে তাতে হাতে তৈরি বিড়িতে শতকরা ৬০ দশমিক ১৬ ভাগ শুল্ক ধার্য করা হয়েছে, যা বিড়ি শিল্পের জন্য অশুভ সংকেত।

তারা বলেন, বাজেটে বিড়ির উপর যে হারে শুল্ক বৃদ্ধি পেয়েছে, মেশিনে তৈরি সিগারেটে সেই হারে করা হয়নি। ফলে বিড়ি ও সিগারেটের দাম এক হয়ে গেছে। তাই বিড়ির দামে সিগারেট পাওয়ায় ধুমপায়ীরা বিড়ি ছেড়ে দিচ্ছেন। 

তাই হত দরিদ্র শ্রমিকদের কর্মসংস্থানের স্বার্থে বিড়ির উপর সব ধরনের শুল্ক প্রত্যাহার ও বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবি জানান তারা।