বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বিষয়ক সভা অনুষ্ঠিত
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্য বিষয়ক দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় সেন্ট্রাল রিসোর্টে বাংলাদেশ-মিয়ানমার বর্ডার ট্রেড জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ৭ম এই বৈঠক হয়।
জেলা প্রশাসন জানায়, সভা চলে বেলা ২টা পর্যন্ত।
এক বছর পর অনুষ্ঠিত এ বৈঠক বাংলাদেশের ১৯ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ নুরুল বাসির।
মিয়ানমারের ১৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির সিটওয়ে বাণিজ্য দপ্তরের সহকারী পরিচালক সুয়ে উইন মং।
বৈঠক শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ নুরুল বাসির সাংবাদিকদের বলেন, বৈঠকে আসন্ন রমজান মাস উপলক্ষে মিয়ানমার থেকে ছোলা আমদানি, বাংলাদেশি ব্যবসায়ীদের মিয়ানমারের আকিয়াবসহ বাইরে যাতায়াত সুবিধা, মিয়ানমারে মোবাইল ফোন ও ল্যাপটপ ব্যবহারের অনুমতি, বাংলাদেশ থেকে রপ্তানিপণ্যে সে দেশে শুল্ক মওকুফ, এলসি খোলা, বর্ডার হাট চালুসহ উভয় দেশের ব্যবসায়িক স্বার্থসংশিষ্ট এবং বাণিজ্য প্রসারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
