খাগড়াছড়িতে বিএনপি নেতা খুন
খাগড়াছড়ি সদরে এক বিএনপি নেতা খুন হয়েছেন।
বৃহস্পতিবার রাতে দীঘিনালা সড়কের পাঁচমাইল এলাকায় বিএনপি নেতা চাঁন মিয়ার গলাকাটা লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
চাঁন মিয়া দীঘিনালা উপজেলার কবাখালী আলী নগর এলাকার আলী আশ্রাফের ছেলে। তিনি ভাড়াচালিত একটি মোটরসাইকেলের মালিক ও কবাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বৃহষ্পতিবার রাত দশটায় চাঁন মিয়া ভাড়া নামিয়ে দিয়ে দীঘিনালায় নিজ বাড়িতে রওয়ানা হন। এরপর থেকে তার আর খোঁজ পায়নি কেউ।
পরে অন্য একটি পরিবহনের যাত্রীরা রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
“পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার জন্য দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়।”
ওসি আরো জানান, পূর্ব শত্রুতার জের বা চাঁদার জন্যও এ ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ সবগুলো বিষয় নিয়েই তদন্ত করছে। লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
