ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা বেতন কাঠামোর উদ্যোগ
চলতি জুনেই সংবাদপত্রের অষ্টম ওয়েজবোর্ডের ঘোষণা দেয়া হবে এমন প্রতিশ্রুতির পর এবার ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের জন্য আলাদা বেতন কাঠামো তৈরিতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই প্রতিশ্রুতি দিয়ে বলেন, “এটা নিয়ে কেন যে এতদিন কেউ মাথা ঘামায়নি, সেটা আসলেই আমার মাথায় আসে না। আমাদের সাংবাদিক নেতৃবৃন্দও কেন যে এটা নিয়ে ধাক্কাধাক্কি করলেন না!”
এই বেতন কাঠামোর ধরন সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে বলে মন্ত্রী জানান।
‘সিচুয়েশন অফ ফিমেল জার্নালিস্ট ইন ইলেক্ট্রনিক মিডিয়া ইন বাংলাদেশ’ শীর্ষক ওই আলোচনা সভায় জাসদ সভাপতি ইনু বলেন, রাজনৈতিক অঙ্গন এখনো নারীবান্ধব হয়ে ওঠেনি।
ইলেক্ট্রনিক মিডিয়াকে নারীবান্ধব করে গড়ে তোলা এবং এর কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সাউথ এশিয়ান উইমেন ইন মিডিয়া, বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত এই সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক শারমিন রিনভী।
এতে বলা হয়, বাংলাদেশের গণমাধ্যমগুলোতে কর্মরত এক হাজারেরও বেশি নারী সাংবাদিককে পারিবারিক এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিবন্ধকতার চ্যালেঞ্জ মোকাবেলা করেই কাজ করতে হচ্ছে।
এই ক্ষেত্রে মোট সাংবাদিকের ৭ শতাংশ নারী জানিয়ে রিনভী তার প্রবন্ধে কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশের অভাব, পদোন্নতি ও বেতন ভাতার ক্ষেত্রে বৈষম্য তুলে আনেন।
সভায় বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত নারী সাংবাদিকরাও তাদের মতামত দেন।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রোকেয়া লিজা বলেন, “হাউজগুলোতে সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারী নেতৃত্ব না থাকায় মেয়েদের সমস্যা বোঝাটা সম্ভব হয় না, সমাধানও হয় না।”
রিনভী প্রবন্ধে বলেন, গণমাধ্যমগুলোতে ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীর অবস্থান শূন্য দশমিক ৬ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শান্তা মারিয়া বলেন, “যোগ্যতা থাকা সত্বেও সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে কাজ করতে গেলে পুরুষ সহকর্মীরা ধরেই নেন যে উনি তো কিছুই জানেন না। এই ধরনের পূর্বানুমানের ক্ষেত্রে এক ধরনের পুরুষতান্ত্রিক মানসিকতা তাদের মধ্যে কাজ করে।”
সাউথ এশিয়ান উইমেন ইন মিডিয়া, বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি রাশেদা আমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী সাংবাদিক কেন্দ্রের সহ-সভাপতি নাসিমুন আরা হক, সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান ফারুক প্রমুখ।
