বগুড়ায় ট্রেনের ধাক্কায় ভ্যানচালক নিহত
বগুড়ায় ট্রেনের ধাক্কায় আকরাম হোসেন (৩৫) নামের এক ভ্যানচালক মারা গেছেন।
বৃহস্পতিবার বিকালে আন্ত:নগর রংপুর এক্সপ্রেস বগুড়ার শহরদীঘি এলাকায় এলে এ দুর্ঘটনা ঘটে।
আকরাম শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের বাচ্চু শেখের ছেলে।
বগুড়া রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হামিদুল হক বলেন, সান্তাহার থেকে রংপুরগামী আন্ত:নগর রংপুর এক্সপ্রেস শহরদীঘি এলাকার মাদ্রাসা গেটে পৌঁছানোর পর ভ্যান নিয়ে রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান আকরাম। এ রেলক্রসিংয়ে কোন গেইট বা সিগন্যালম্যান নেই।
বগুড়ার স্টেশন সুপার বেলাল হোসেন বলেন, দুর্ঘটনার পর ওই ভ্যানটি ট্রেনের হুস পাইপে আটকে প্রায় ২০০ মিটার সামনে চলে যায়। এতে পাইপটি ফেটে ট্রেনটি বিকল হয়ে যায়। এতে বিকাল ৩টা ৪০ মিনিট থেকে সাড়ে ৪টা পর্যন্ত সান্তাহার-বগুড়া রেল চলাচল বন্ধ ছিল।
পাইপ মেরামতের পর ট্রেন চালু হওয়ায় ওই পথে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলেও জানান তিনি।
