২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষোলশহরে ‘ছাত্রলীগের’ গাড়ি ভাংচুর 

চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেইটে সড়ক অবরোধ করে বেশকয়েকটি গাড়ি ভাংচুর করেছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের একাংশের কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 02:21 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে ষোলশহর দুই নম্বর গেইটে আকস্মিকভাবে সড়ক অবরোধ করে পলিটেকনিক ছাত্রলীগের একাংশের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের ঘটনার জের ধরে একপক্ষ বিকাল পৌনে ৪টার দিকে আকস্মিকভাবে দুই গেইট মোড়ের অদূরে সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর করে।

তবে ভাংচুরের ঘটনার সাথে ছাত্রলীগ জড়িত নয় বলে দাবি করেছেন পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি রায়হানুল কবীর শামীম।

পাঁচলাইশ থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছু ছাত্র হঠাৎ করে সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে তাদের হটিয়ে দেয়।

ঘটনাস্থল থেকে হৃদয় চন্দ্র সেন ও সাগর বড়–য়া নামে পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

গত মঙ্গলবার বিকালে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং একপক্ষ পলিটেকনিক ছাত্র সংসদের জিএস আবদুল্লাহ আল রুবেলসহ দুইজনকে কুপিয়ে জখম করে।

ছাত্রলীগনেতা রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে একটি পক্ষ আমাদের ওপর হামলা করেছিল। তারাই হয়তো সড়ক অবরোধ করেছে।”