অবৈধ সাইবার ক্যাফের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিটিআরসি
নিবন্ধনহীন সাইবার ক্যাফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
এরই মধ্যে জাতীয় এবং আঞ্চলিক আইএসপিগুলোকে এ ধরনের প্রতিষ্ঠানকে ব্যান্ডইউথ সরবারহ না করারও অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশের হিসাবে দেশে বর্তমানে লাইসেন্সধারী সাইবার ক্যাফের সংখ্যা মাত্র ১৮০টি, অপরদিকে অবৈধ প্রতিষ্ঠানের সংখ্যা তিন হাজারের বেশি।
সম্প্রতি বিটিআরসি লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগ এ সংক্রান্ত নোটিস জারি করে।
নোটিসে বলা হয়, খুবই সামান্য পরিমাণ লাইসেন্স ফি দিয়ে লাইসেন্স নেয়ার সুযোগ থাকলেও সম্প্রতি সাইবার ক্যাফে সেবা দানকারীরা নিবন্ধন ছাড়াই ব্যবসা করে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ।
যেসব সাইবার ক্যাফে প্রতিষ্ঠান এখনো লাইসেন্স নেয়নি তাদের অবিলম্বে ইন্টারনেটসহ সাইবার ক্যাফে লাইসেন্স নেয়ার জন্য ওই নোটিসে বলা হয়েছে।
বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ হাজার টাকা থেকে পাঁচশ টাকা দিয়ে সাইবার ক্যাফে লাইসেন্স দিয়ে থাকে নিয়ন্ত্রক সংস্থা।
বিটিআরসি’র এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আকতারুজ্জামান মঞ্জু।
সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশের সভাপতি এস এম জুলফিকার হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “… তবে প্রকৃত ক্যাফে সেবাদাতারা যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।”
