বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ এর গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিজিবি ও পুলিশ জানায়, বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে এবং পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি গ্রামের মাহাতাব হোসেনের ছেলে পশিরুল (৩২), একই গ্রামের মৃত করিম উদ্দীনের ছেলে দাইমুল (৪০) এবং পাটগ্রাম উপজেলার মুংলীবাড়ি গ্রামের জমির উদ্দিনের ছেলে শামীম হোসেনকে (২৩) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড় পলাশবাড়ি ইউপি চেয়ারম্যান মনসুর আলী, ৭নং আমাজোনখোর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী এবং বালিয়াডাঙ্গী থানার ওসি আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ভোরে পশিরুল ও দাইমুলসহ ৫/৬ জন বেউরঝাড়ি এলাকার ৩৭৯/৪ এস নং পিলারের কাছে গরু আনতে যায়।
এ সময় ভারতের বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালালে পশিরুল ও দাইমুল গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হন।
তাদেরকে ভোরেই বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা আবুল কাশেম জানান, গুলিবিদ্ধ পশিরুলের পেটের ওপরের অংশে ও দাইমুলের পায়ে গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল।
এ কারণে তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয় বলে জানান চিকিৎসক আবুল কাশেম।
তবে ঠাকুরগাঁও-৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুল ইসলাম জানান, তারা এ ব্যাপারে কিছু জানেন না।
অপরদিকে লালমনিরহাটের বুড়িমারী বিজিবি ক্যাম্পের সুবেদার খাদেমুল ইসলাম জানান, বুধবার রাত দেড়টার দিকে বুড়িমারী ইউনিয়নের মুংলীবাড়ী সীমান্তের ৮৪০ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব-পিলারের কাছে শামীমসহ কয়েকজন বাংলাদেশি গরু আনতে যায়।
“এ সময় ভারতের কুচবিহার-১০৪ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর ক্যাম্পের একটি টহলদল তাদেরকে ধাওয়া দেয় এবং একপর্যায়ে গুলি করে।”
আহত শামীমকে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান সুবেদার খাদেমুল ইসলাম।
তিনি জানান, “এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।”
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
