ত্বকী হত্যা মামলা র্যাবে
হাইকোর্টের নির্দেশে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলা র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলামের কাছে মামলার নথিপত্র তুলে দেন।
জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এখন থেকে মামলাটি র্যাব তদন্ত করবে।”
মামলার বাদী ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির রিট পিটিশনের প্রেক্ষিতে গত ২৮ মে হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও এ বি এম আলতাফ হোসাইনের সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলাটির তদন্তের অগ্রগতি এবং কেন মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করা হবে না জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেন।
বিবাদীরা সর্বশেষ অবস্থা জানালে আদালত মামলাটি র্যাবে হস্তান্তরের নির্দেশ দেয়।
গত ৬ মার্চ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ত্বকী। এর দুদিন পর শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর একটি খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।
ওই রাতেই ত্বকীর বাবা রফিউর রাব্বি বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে সদর মডেল থানায় একটি মামলা করেন।
পরে হত্যাকা-ের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, জেলা যুবলীগের বহিস্কৃত নেতা জহিরুল ইসলাম পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজ, জেলা ছাত্রলীগ সহসভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সালেহ রহমান সীমান্ত ও রিফাতকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন রফিউর রাব্বি।
তবে শামীম ওসমান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।
এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে।
