২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর শিক্ষা বোর্ডে কর্মচারীদের কর্মবিরতি চলছেই

দিনাজপুর শিক্ষা বোর্ডে বঞ্চিত কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 10:46 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বৃহস্পতিবার বিভিন্ন জেলা থেকে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা বোর্ডে আসলেও তাদেরকে কাজ করতে গিয়ে নানা ঝামেলা পোহাতে হয়।  

চাকরিতে নিয়োগপত্র প্রদানের দাবিতে গত মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করেন কর্মচারীরা।

কর্মচারীদের প্রতিনিধি মাসুদ আলম ও মওদুদ বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত ১০৮ জন কর্মচারীর মধ্যে ৮৪ জনের জন্য প্রয়োজনীয় বিজ্ঞপ্তি প্রকাশ করে স্থায়ীভাবে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। বয়স জটিলতার কারণে নিয়োগ আটকে যায় বাকি ২৪ জনের।

বঞ্চিত কর্মচারীরা হাইকোর্টে রিট করে। এর প্রেক্ষিতে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ১০৮ জনেরই নিয়োগ স্থগিত করে দেয় আদালত।

পরে গত ১৮ জুন বোর্ড সভায় ২৪ জনের নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা না পওয়া পর্যন্ত ওই ৮৪ জনেরও নিয়োগ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বোর্ড কর্তৃপক্ষ।

ওইদিনই বিকেল ৪টা থেকে বোর্ডের এই সিদ্ধান্তের প্রতিবাদে ৮৪ জন কর্মচারী কর্মবিরতি শুরু করেন।

বোর্ডের চেয়ারম্যানই প্রকৃত নিয়োগকর্তা, এক্ষেত্রে মন্ত্রণালয়ে যাওয়ার কোন সুযোগ নেই জানিয়ে কর্মচারীরা অভিযোগ করেছেন, অজ্ঞাত কারণে চেয়ারম্যান নিয়োগপত্র প্রদানে দেরি করছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আলাউদ্দিন মিয়া অভিযোগকে অযৌক্তিক উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আদালতের আদেশে নিয়োগ প্রক্রিয়া চলছে। আদালতের নির্দেশনার প্রেক্ষিতেই আমরা মন্ত্রণালয় এবং এটর্নি জেনারেলের কাছে মতামত চেয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।”