সরকারি হলো খুলনার সাড়ে ৩ হাজার স্কুল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এবার খুলনা বিভাগের তিন হাজার ৪৪৯টি এমপিওভুক্ত নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে ১৭ জুন সিলেট বিভাগের এক হাজার ৩৬৩টি এমপিওভুক্ত নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আদেশ হয়।
এ নিয়ে মোট চার হাজার ৮১২টি বিদ্যালয় সরকারি হলো।
পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের এমপিওভুক্ত নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৯ জানুয়ারি দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার ঘোষণা দেন। এসব বিদ্যালয়ে এক লাখ তিন হাজার ১৯২ জন শিক্ষক কর্মরত আছেন।
প্রথম ধাপে ২২ হাজার ৯৮১টি এমপিওভুক্ত নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হচ্ছে। এসব বিদ্যালয়ের শিক্ষকরা চলতি বছরের ১ জানুয়ারি থেকে জাতীয়করণের সব সুযোগ-সুবিধা পাবেন।
আর তৃতীয় ধাপে পাঠদানের অনুমতির সুপারিশ পেয়েছে এবং পাঠদানের অনুমতির অপেক্ষায় রয়েছে এমন ৯৬০টি বিদ্যালয়কে জাতীয়করণ করা হবে।
জাতীয়করণ করায় বিদ্যালয়গুলোর জমি, অবকাঠামো, নগদ তহবিলসহ যাবতীয় সম্পদ সরকারের অনুকূলে হস্তান্তরিত ও ন্যস্ত হয়েছে বলে জানান উপ-সচিব আবুল কালাম।
তিনি বলেন, বিদ্যালয়গুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত হবে এবং বিধি অনুযায়ী নতুন কমিটি গঠন করা হবে।
এছাড়া জাতীয়করণ হওয়া এসব বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক/শিক্ষিকার পদ সৃষ্টির পর শিক্ষক/শিক্ষিকাদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বিধি অনুযায়ী সরকারি চাকরিতে নিযুক্ত করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর ঘোষণার পর গত ১৭ জানুয়ারি প্রতিটি জেলার জেলা প্রশাসককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের ‘জেলা যাচাই-বাছাই কমিটি’ গঠন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এই কমিটি জাতীয়করণের আওতায় আসা বিদ্যালয়গুলোর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে শিক্ষকদের এমপিও ও সনদ পরীক্ষাসহ বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় সরকারি হওয়া শিক্ষকরা যথাক্রমে চলতি বছরের ১ জানুয়ারি, ১ জুলাই এবং আগামী বছরের ১ জানুয়ারি থেকে সরকারি বেতন-ভাতা পাবেন। তিন দফায় বেসরকারি শিক্ষকদের জাতীয়করণে সরকারের অতিরিক্ত খরচ হবে ৬৫১ কোটি টাকা।
