বোয়ালমারীতে বিএনপির ঢিলেঢালা হরতাল
ফরিদপুরের বোয়ালমারীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিএনপির আধাবেলা হরতাল শেষ হয়েছে।
গ্রেপ্তার দুই ইমামসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে আধাবেলার এই হরতাল করে স্থানীয় বিএনপি।
বিএনপি প্রথমে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিলেও পরবর্তীতে ব্যবসায়ীদের অনুরোধে তা কমিয়ে আধাবেলায় নিয়ে আসে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজার বণিক সমিতির অনুরোধ এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে আধাবেলা হরতাল পালনের সিদ্ধান্ত হয়।
হরতালে সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বাজারের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। উপজেলা সদর থেকে দূরপাল্লার কোনো যান ছাড়েনি। অভ্যন্তরীণ বাহনগুলোর চলাচল ছিল অন্যান্য দিনের চেয়ে কম।
নাশকতা এড়াতে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে, চৌরাস্তা মোড় ও ওয়াপদা এলাকাসহ পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘অশ্লীল’ তথ্য সম্বলিত প্রচারপত্র বিতরণের অভিযোগে গত ৮ জুন বোয়ালমারীর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান ও তালতলা মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
এর প্রতিবাদে গত ১৬ জুন সোমবার দুপুরে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন থেকে বৃহস্পতিবার হরতালের ঘোষণা দেয়া হয়।
