২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আ. লীগ নেতা খুন, সড়ক অবরোধ

সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের এক নেতা খুনের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে তার সমর্থকরা।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 06:21 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

নিহত গাজী মহিউদ্দিন সোহেল (৪০) সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তার বাড়ি সদর উপজেলার মহাদেবপুর গ্রামের মৌলভীপাড়ায়।

তিনি সীতাকুণ্ডে আবাসন ব্যবসায় যুক্ত ছিলেন বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান।

বুধবার গভীর রাতে তার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। হত্যাকাণ্ডের প্রতিবাদে সীতাকুণ্ড বাজারের সব দোকানপাটও বন্ধ রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেলের বিক্ষুব্ধ সমর্থকরা সীতাকুণ্ড সদরে মহাসড়কে অবস্থান নিয়ে কয়েকটি যানবাহনও ভাংচুর করে।

দুপুরে পুলিশ কর্মকর্তারা এসে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার আশ্বাস দেন।

এরপর বেলা দেড়টার দিকে সোহেল সমর্থকরা অবরোধ তুলে নিয়ে মহাসড়ক থেকে সরে যায় বলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ফরিদ উদ্দিন জানান।     

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধ তুলে নেয়ায় যান চালাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

পুলিশ জানায়, বুধবার রাত ২টার দিকে মহিউদ্দিন সোহেলকে কুপিয়ে গুরুতর জখম করে বাড়ির পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ওসি সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীতাকুণ্ড বাজার থেকে বাড়ি ফেরার পথে মহিউদ্দিন হামলার শিকার হন।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ড সদর থেকে মো. শাকিল (২৩) নামে এক যুবককে আটক করা হয় বলে ওসি জানান।

তাৎক্ষণিকভাবে শাকিলের বিস্তারিত পরিচয় জানাতে চাননি তিনি।