উপাচার্যের পদত্যাগ দাবিতে জাবি শিক্ষকদের অবরোধ
উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যরা।
অবরোধের মুখে কার্যালয়ে ঢুকতে বাধা পেয়ে ফিরে যান উপ-উপাচার্য আফসার আহমেদ ও নিবন্ধক আবু বকর সিদ্দিক।
শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদারও আন্দোলনে উপস্থিত হন। তবে অবরোধের মধ্যেও শিক্ষকরা ক্লাস নিয়েছেন।
উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রায় দুই সপ্তাহ ক্লাস বর্জন শেষে বুধবার শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দেয় শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির সভাপতি মজুমদার সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে উপাচার্যকে কোনো প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হবে না। পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে আমরা একমত হয়েছি।”
উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন শিক্ষকদের কর্মসূচির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ছাত্র-শিক্ষকদের আন্দোলনের মুখে গত বছর উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন।
গত ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের বিরুদ্ধে অর্থনীতি বিভাগের প্রভাষক নুরুল হককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এরপর শিক্ষককে লাঞ্ছিতের বিচার দাবি করে আন্দোলনে নামে শিক্ষক সমিতি।
এর অংশ হিসেবে বুধবার উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন সমিতির নেতারা।
অবরোধে সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আমির হোসেন, কলা ও মানবিক অনুষদের ডীন সৈয়দ কামরুল আহছান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক হানিফ আলী, অধ্যাপক নুরুল আলম, অধ্যাপক অসিত বরণ পাল অংশ নেন।
এদিকে, বৃহস্পতিবার সিন্ডিকেট সভা এবং শুক্রবার সিনেটে বিশ্ববিদ্যালয়ের বাজেট অধিবেশন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
শিক্ষক সমিতির পক্ষ থেকে ওই সব অনুষ্ঠানেও বাধা দেয়া হবে বলে সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ও বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক অধ্যাপক আমির হোসেন জানিয়েছেন।
