২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বন্দুকযুদ্ধে তিন ‘দস্যু’ নিহত

সুন্দরবনের খলিসাবুনিয়া এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 03:17 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

র্যাব বলছে, নিহতদের মধ্যে সুন্দরবনের দুটি বনদস্যু বাহিনীর দুই প্রধানও রয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে সুন্দরবন পশ্চিম বিভাগের কলাগাছিয়া টহল ফাঁড়ির পশুরতলা ভারানী এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে র্যাব ৮ এর উপ অধিনায়ক মেজর সাব্বির রহমান ওসমানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, নিহতদের মধ্যে সুন্দরবনের ‘সাইজ্যা বাহিনীর’ প্রধান মাহাবুব ওরফে সাইজ্যা (৪০) ও ‘আমজাদ বাহিনীর’ প্রধান আমজাদকে (৪২) সনাক্ত করেছেন স্থানীয় জেলেরা।

এছাড়া তাদেরই অজ্ঞাত পরিচয় ‘এক সহযোগী’ নিহত হয়েছেন, যার বয়স আনুমানিক ৩০ বছর।

ঘটনাস্থল থেকে একটি দোনলা বন্দুক, চারটি একনলা বন্দুক, দুটি পয়েন্ট ২২ বোরের রাইফেল, দুটি থ্রি নট থ্রি রাইফেল, দুটি পিস্তল, দুটি এয়ারগান এবং বেশ কিছু গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাব কর্মকর্তারা জানান।

ঘটনার বিবরণ দিয়ে মেজর সাব্বির বলেন, র্যাব-৮ এর একদল সদস্য ভোরে নিয়মিত টহলে পশুরতলা ভারানী এলাকায় গেলে দস্যুরা গোলপাতাবনের ভেতর থেকে গুলি শুরু করে। আত্মরক্ষার জন্য র্যাব সদস্যরাও এ সময় গুলি চালায়। প্রায় ২৫ মিনিট পর গোলাগুলি বন্ধ হলে ঘটনাস্থলে তিনজনের লাশ ও অস্ত্রশস্ত্র পাওয়া যায়। 

পরে স্থানীয় জেলেরা দুই জনের লাশ সনাক্ত করেন। লাশ ও উদ্ধার করা আগ্নেয়াস্ত্র সাতক্ষীরার শ্যামনগর থানায় নেয়া হচ্ছে বলে সাব্বির রহমান জানান।