৩৮৭ কয়েদি মুক্তি পাচ্ছেন
বিশেষ রেয়াতের সুযোগে বিভিন্ন কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৮৭ জন কয়েদি মুক্তি পাচ্ছেন।
বুধবার থেকে এই মুক্তি প্রক্রিয়া শুরু হবে।
তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৩৪ জন, চট্রগ্রাম এবং সিলেট বিভাগের ৭১ জন, রাজশাহী বিভাগের ৭৬ জন, খুলনা বিভাগের ৭৮ জন এবং রংপুর বিভাগের ২৮ জন রয়েছেন।
কারা উপমহাপরিদর্শক (ডিআইজি) গোলাম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দিরা জেল কোডের ৫৬৯ ধারা অনুযায়ী বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকেন।
বন্দি থাকাকালীন সময়ে তাদের আচরণ, স্বভাব, সততাসহ সার্বিক বিষয় দেখা হয়। এসব বিষয়ে ভাল করলে তারা ওই ধারার আওতায় রেয়াত পেয়ে থাকেন।
এই ধারার আওতায় বিভিন্ন কারাগারে থাকা ৩৮৭জনের একটি তালিকা বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।
গোলাম হায়দার জানান, বর্তমানে যাবজ্জীবন সাজা ৩০ বছর। রেয়াতের সুযোগের কারণে কেউ ২০ বছর কেউ ২১ বছর কারাভোগের পর ছাড়া পেয়ে যাচ্ছেন।
