২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপসোনিনের শ্রমিকরা কাজে ফিরছেন

দাবি মানার আশ্বাস পেয়ে বৃহস্পতিবার কাজে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন বরিশালের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অপসোনিন ফার্মাসিউটিক্যালস’র মূল কারখানার শ্রমিকরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 01:56 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

বুধবার বিকেল ৫টায় এ ঘোষণা দেয়া হয় বলে জানিয়েছেন রফিকুল ইসলাম নামের এক শ্রমিক।

বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে বরিশালে প্রতিষ্ঠানটির মূল কারখানার শ্রমিকরা বুধবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করে।

দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার সামনের সড়ক (বগুড়া রোড) অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

আব্দুর রউফ নামে অপর এক শ্রমিক জানান, ঢাকা থেকে আসা মালিকপক্ষের প্রতিনিধিরা দুপুরে তাদের (শ্রমিকদের) নিয়ে বৈঠকে বসেন। এ সময় তারা মালিকপক্ষের প্রতিনিধিদের কাছে ১২ দফা দাবি পেশ করেন।

মালিকপক্ষের প্রতিনিধি ও অপসোনিন ফার্মাসিউটিক্যালসের সহকারি ম্যানেজার আহাদুর রহমান তমাল বলেন, শ্রমিকদের দাবি অনুযায়ী আগামী মাস থেকে তাদের মূল বেতনের সাথে ৪৫০ টাকা বৃদ্ধি করা হবে। ক্যাজুয়াল শ্রমিকদের দৈনিক বেতন ৯০ টাকা থেকে বাড়িয়ে ১১০টাকা করা হবে।

কর্মদক্ষতা পর্যালোচনা করে তাদের চাকরি ছয় মাসের মধ্যে স্থায়ী করা হবে। শ্রমিকরা তাদের এ সিদ্ধান্ত মেনে নিয়েছে বলে জানিয়েছেন তমাল।

দীর্ঘদিন যাবত বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে আসছে ‘অপসোনিন ফার্মাসিউটিক্যালস’ এর শ্র্রমিকরা। মালিকপক্ষ থেকে দাবি মেনে নেয়ার আশ্বাস থাকলেও এর কোন বাস্তবায়ন হয়নি।

মঙ্গলবার ১২ দফা দাবিতে কারখানায় ভাংচুর চালায় শ্রমিকরা। শ্রমিকদের শান্ত করতে পুলিশ ১১০ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ ও লাঠিপেটা করে। এতে ১০ শ্রমিক আহত হয়। ৭ জনকে আটক করে পুলিশ।