২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দাদাগিরির উজ্জ্বল দৃষ্টান্ত’

বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষকরা পদ্মা সেতু দুর্নীতি মামলার তদন্ত নিয়ে যে প্রতিবেদন দিয়েছে, সেটি আন্তর্জাতিক ‘দাদাগিরির উজ্জ্বল দৃষ্টান্ত’ বলে মন্তব্য করেছেন সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 12:34 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, “বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের চূড়ান্ত রিপোর্টের মধ্যে কোনো নতুনত্ব, যুক্তি, প্রমাণ, সততা, ইন্টিগ্রিটি বা জুরিসপ্রুডেন্স নেই। এ রিপোর্ট আন্তর্জাতিক আইন, ব্যাক্তির মৌলিক অধিকার ও একটি সার্বভৌম দেশের প্রচলিত আইন ও বিধি বিধানের প্রতি অবজ্ঞার শামিল।”

সরকারের ওপর বিশ্ব ব্যাংকের চাপে গত বছর মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানো আবুল হোসেনের ভাষায়, পরামর্শক নিয়োগে তার সম্পৃক্ততা প্রমাণ করতে ব্যর্থ হয়ে লুইস মোরেনা ওকাম্পো নেতৃত্বাধীন পর্যবেক্ষক প্যানেল তাকে মামলায় জড়াতে যে ‘যুক্তিহীন চাপ’ দিয়েছিল- এই প্রতিবেদন তারই পুনরাবৃত্তি।

জাতীয় সংসদের প্যাডে পাঠানো ওই বিবৃতিতে এই আওয়ামী লীগ নেতা বলেন, “এ রিপোর্ট আন্তর্জাতিক দাদাগিরির (কর্তৃত্বপরায়ণতার) এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে প্রতীয়মান হয়।”

দুর্নীতির অভিযোগ ও তদন্ত নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর গত জানুয়ারিতে সরকার পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংককে ‘না’ বলে দেয়। ২৯১ কোটি ডলারের এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের দেয়ার কথা ছিল ১২০ কোটি ডলার।

টানাপোড়েনের মধ্যেই লুইস মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন বিশ্ব ব্যাংকের একটি প্যানেল ঢাকায় এসে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের তদন্ত পর্যবেক্ষণ করেন। সম্প্রতি তাদের প্রতিবেদন সরকারের হাতে আসে। মঙ্গলবার ওই প্রতিবেদন নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে বিশ্ব ব্যাংক।

এদিকে বিশ্ব ব্যাংকের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তের পর দুদক গত ডিসেম্বরে সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সাতজনকে আসামি করে একটি মামলা করে। আসামিরা পারস্পারিক যোগসাজসে ঘুষ লেনদেনের ষড়যন্ত্র করার মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের তদারকি পরামর্শকের কাজ এর অন্যতম দরদাতা এসএনসি লাভালিন ইন্টারন্যাশনালকে পাইয়ে দেয়ার ব্যবস্থা করেছিল বলে অভিযোগ করা হয় মামলার এজাহারে।

কিন্তু আসামির তালিকায় সৈয়দ আবুল হোসেনকে অন্তর্ভূক্ত না করার বিষয়টি উল্লেখ করে বিশ্ব ব্যাংক পর্যবেক্ষকদের প্রতিবেদনে বলা হয়, দুদকের তদন্ত পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ হচ্ছিল বলে তাদের মনে হয়নি।

Image
পদ্মা সেতু নির্মাণে ‘দুর্নীতির’ তদন্ত পর্যবেক্ষণে আসা বিশ্ব ব্যাংক প্যানেল সদস্যরা রোববার দুর্নীতি দমন কমিশনে যান। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, অক্টোবর ১৪, ২০১২

পদ্মা সেতু নির্মাণে ‘দুর্নীতির’ তদন্ত পর্যবেক্ষণে আসা বিশ্ব ব্যাংক প্যানেল সদস্যরা রোববার দুর্নীতি দমন কমিশনে যান। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, অক্টোবর ১৪, ২০১২

“বিশ্ব ব্যাংকের কাছ থেকে অতিরিক্ত তথ্য পেয়ে দুদক যথার্থভাবেই এই ষড়যন্ত্রমূলক অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে আট ব্যক্তির মধ্য থেকে সাতজনের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করে।কিন্তু তদন্তের প্রাথমিক তালিকা থেকে সাবেক যোগাযোগমন্ত্রীর নাম বাদ দেয়ার কোনো আইনগত যুক্তি নেই।”

আবুল হোসেন বিবৃতিতে বলেন, “এফআইআরে আমাকে আসামি না করায় দুদকের তদন্ত পরিপূর্ণ ও সঠিক হয়নি – বিশ্ব ব্যাংক প্যানেলের এ মতামত অগ্রহণযোগ্য এবং যে কোনো যুক্তি, আইন ও বিচারেই ভুল সিদ্ধান্ত।”

পদ্মা সেতু প্রকল্পের পরামর্শকের কাজ পেতে কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকে ‘অনৈতিকভাবে সুযোগ করে দেয়ার যে অভিযোগ প্রতিবেদনে আনা হয়েছে তা ‘সম্পূর্ণ অসত্য’ বলেও দাবি করে আবুল হোসেন।

তিনি বলেন, “স্বচ্ছতা, নিরপেক্ষতা, সততা, যথার্থতা যাচাইয়ের ক্ষেত্রে এটি একটি ভুল সংকেত।”

আবুল হোসেন বলেন, পরামর্শক নিয়োগের মূল দায়িত্ব ছিল টেন্ডার মূল্যায়ন কমিটির। মূল্যায়ন কমিটি ও বিশ্ব ব্যাংক সমন্বয়ের মাধ্যমে পরামর্শক নিয়োগ প্রক্রিয়ার সুপারিশ চূড়ান্ত করেছিল।

“এর সাথে আমার সম্পৃক্ততা খোঁজা যে কোনো যুক্তিতেই উদ্দেশ্যমূলক,” বলেন এই সাবেক মন্ত্রী।

জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনে ‘ঘুষের’ যে সংজ্ঞা দেয়া হয়েছে, তাতেও পদ্মা প্রকল্পের ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের সঙ্গে তাকে কোনোভাবে জড়ানো যায় না বলে দাবি করেছেন আবুল হোসেন।    

পুরনো খবর:

আবুল হোসেনকে বাদ দিয়ে প্রশ্নবিদ্ধ দুদক: বিশ্ব ব্যাংক