তাজরীনে অগ্নিকাণ্ড:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আদালতে
আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আদালতে জমা পড়েছে।
বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চে এভিডেভিট করে প্রতিবেদনটি জমা দেন ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
বিশ্বজিত রায় সাংবাদিকদের বলেন, আদালত আগামী ১৮ জুলাই এ বিষয়ে পরবর্তী শুনানির দিন রেখেছে।
আদালতে তাজরীন মালিক দেলোওয়ার হোসেনের পক্ষে ব্যারিস্টার ফিদা এম কামাল, ইউসুল হোসেন হুমায়ুন উপস্থিত ছিলেন। আবেদনকারীর পক্ষে ছিলেন এম আই ফারুকী ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
সনাক্ত হয়নি এমন ২০টি লাশ ডিএনএ নমুনা রেখে দাফন করা হয়েছে জুরাইন কবরস্থানে।
নৃ-বিজ্ঞানের শিক্ষক নাজনীন আকতার বানু, সাইয়েদা গুলরুখ কামাল ও মাহমুদুল হাসান সুমনের পক্ষে গত ২৮ এপ্রিল হাই কোর্টে এই রিট আবেদন করে ‘নিখোঁজ’ এই ৩৭ জনের তালিকা জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
এই মামলার প্রথম শুনানির পর আদালত দেলোয়ারকে হাজির করতে বলেছিলো। তাকে পাওয়া যাচ্ছে না বলে রাষ্ট্রপক্ষ আদালতে জানালেও এরই মধ্যে আদালতে হাজির হয়ে যান তিনি।
এর মধ্যে প্রত্যেকটি শুনানিতেই তিনি আদালতে হাজির ছিলেন। পরবর্তী শুনানিতেও তাকে আদালতে থাকতে হবে।
