মিলনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি দুইমাস পিছিয়েছে।
কচুয়া থানায় দায়ের করা চাঁদাবাজি, লুটপাট, মারধর ও ভাংচুর সংক্রান্ত তিন মামলায় বুধবার অভিযোগ গঠন শুনানির তারিখ ছিল।
সকালে মিলন চাঁদপুরের ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে মো. আব্দুর রহিমের আদালতে হাজির হয়ে অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করেন। বিচারক আবেদন মঞ্জুর করে আগামী ২২ অগাস্ট পরবর্তী শুনানির তারিখ রাখেন।
মিলনের পক্ষে মামলা পরিচালনা করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে প্রায় ২০ জন আইনজীবী।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মিলন ও তার স্ত্রী মহিলা দল নেত্রী নাজমুন নাহার বেবীসহ তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদপুরের কচুয়া থানাসহ বিভিন্ন থানায় এ পর্যন্ত ৩১টি মামলা হয়। এসব মামলায় চাঁদাবাজি, ছিনতাই, মারধর ও ভাংচুরের অভিযোগ আনা হয়েছে।
এসব মামলায় মিলন প্রায় ১ বছর ৩ মাস জেলে ছিলেন। পরে উচ্চ আদালতের নির্দেশে জামিন পান তিনি।
