আন্দোলনের মধ্যে আশুলিয়ায় এক কারখানা বন্ধ
বেতন-ভাতাসহ কয়েকটি দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ।
বুধবার সকালে কাঠগড়া এলাকায় ম্যাগপাই কম্পোজিট নিটওয়্যার লিমিটেড নামের কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেখা হয়।
শিল্প পুলিশের আশুলিয়া জোনের উপসহকারী পরিচালক আব্দুস সাত্তার জানান, কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা করলে তাদের সরিয়ে দেয়া হয়।
তিনি বলেন, বেতন-ভাতা বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে গত কয়েকদিন ধরে এই কারখানার শ্রমিকরা আন্দোলন করছিলো। এর মধ্যে মঙ্গলবার দুপুরে ফারুক নামে এক শ্রমিক ‘নিখোঁজ’ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাংচুর করে।
এরপর অনির্দিষ্টকালের জন্য কারখান বন্ধের নোটিশ দিয়েছে মালিকপক্ষ।
শ্রমিক ফারুককে তার বাড়িতেই পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
এদিকে, বেতন-ভাতাসহ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) ডাইয়ো বাংলাদেশ লিমিটেড নামের একটি সুতা তৈরির কারখানা এবং চারাবাগ এলাকার মাটসুকা অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি পালন করছে।
