শুধু অভিযোগে মামলা হয় না: দুদক চেয়ারম্যান
দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, বিশ্ব ব্যাংক ‘সন্দেহবশত’ সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পদ্মা সেতু দুর্নীতি মামলায় আসামি করতে বললেও প্রমাণ না পাওয়ায় কমিশন তা করেনি।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বুধবার কমিশন কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন। তিনি দাবি করেন, বর্তমান বিচার ব্যবস্থার মধ্যে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভবপর নয়। ছবি: নাসিরুল ইসলাম/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ঢাকা, অক্টোবর ১৪, ২০০৯
গোলাম রহমান বলেন, “ওরা (বিশ্ব ব্যাংক) বলেছিল, তিনি (আবুল হোসেন) একটি মন্ত্রণালয়ের প্রধান, উনার সম্মতি ছাড়া কিছুই হয়নি। সুতরাং তিনি এই ষড়যন্ত্রে যুক্ত।
“আমার বক্তব্য হলো, প্রাথমিক অনুসন্ধানে পর্যাপ্ত তথ্য প্রমাণ না পাওয়া গেলে শুধু বিশ্ব ব্যাংকের অভিযোগের ভিত্তিতে কাউকে আসামি করা আমি ফেয়ার মনে করি না।”
দুদক চেয়ারম্যান মনে করেন, পদ্মা সেতু প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের ‘আরেকটু’ সময় নেয়া প্রয়োজন ছিল। ‘দুর্নীতির ষড়যন্ত্রকারীরা’ যেন কোনোভাবেই দুর্নীতি করতে না পারে- সে ব্যাবস্থা রেখেই তাদের অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত নেয়া উচিত ছিল।
দুর্নীতির অভিযোগ ও তদন্ত নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর গত জানুয়ারিতে সরকার পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংককে ‘না’ বলে দেয়।
টানাপোড়েনের মধ্যেই লুইস মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন বিশ্ব ব্যাংকের একটি প্যানেল ঢাকায় এসে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের তদন্ত পর্যবেক্ষণ করেন।
গত ডিসেম্বরে দুদক সাতজনকে আসামি করে মামলার পর স্পষ্টত অসন্তোষ নিয়েই ঢাকা ছেড়ে যান ওকাম্পোরা। এর ছয় মাস পর বিশ্ব ব্যাংক পর্যবেক্ষক প্যানেলের তদন্ত প্রতিবেদন সরকারের হাতে আসে। মঙ্গলবার ওই প্রতিবেদন নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে বিশ্ব ব্যাংক।
প্রতিবেদনে বলা হয়, দুদকের তদন্ত পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ হচ্ছিল বলে পর্যবেক্ষকদের মনে হয়নি। দুদকের মামলায় সৈয়দ আবুল হোসেনকে আসামি না করা নিয়েও প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়।
পর্যবেক্ষকরা মনে করেছেন, বিশ্ব ব্যাংকের কাছ থেকে অতিরিক্ত তথ্য পেয়ে দুদক যথার্থভাবেই এই ষড়যন্ত্রমূলক অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে আট ব্যক্তির মধ্য থেকে সাতজনের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করে।
“কিন্তু তদন্তের প্রাথমিক তালিকা থেকে সাবেক যোগাযোগমন্ত্রীর নাম বাদ দেয়ার কোনো আইনগত যুক্তি নেই।”
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান সংবাদ সম্মেলনে বলেন, “আমি আগেও বলেছি, তার (আবুল হোসেন) বিরুদ্ধে দুর্নীতিতে সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তাকে আসামি করা হয়নি। যদি প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ পাওয়া যেত, তাহলে অবশ্যই তাকে আসামি করা হতো।”
পদ্মা প্রকল্পে দুর্নীতি হয়নি দাবি করে গোলাম রহমান বলেন, কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিন পদ্মা সেতুর পরামর্শকের কাজ পেতে ঘুষে প্রলুব্ধ করার চেষ্টা করেছে।
“সেই প্রলোভনে কেউ পা দিতে পারেন। তবে একটি মন্ত্রণালয়ের সবাই প্রলোভনে পা দিয়েছে, এটা কতটুকু যৌক্তিক?”
গোলাম রহমান বলেন, “প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানসহ প্রকল্পে সংশ্লিষ্ট কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যাক্তির নামে বিশ্বব্যাংক অভিযোগ করেছিল। তাদের বক্তব্য, যেহেতু তারা প্রকল্পসংশ্লিষ্ট, তাদের অগোচরে দুর্নীতি করা সম্ভব নয়। কিন্তু অনুসন্ধান ও তদন্তে তাদের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি।”
বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি পদ্মা সেতু বাস্তবায়নে ২৯১ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা করা হয়েছিল, যাতে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার ঋণ দেয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান ছিলেন ওই প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর। আর ওই সময় আবুল হোসেন ছিলেন যোগাযোগ মন্ত্রীর দায়িত্বে।
বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি বাতিল হয়ে যাওয়ার পর সরকার নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেয়। আসন্ন অর্থবছরের বাজেটে এ প্রকল্পে ৬ হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দও রেখেছেনে অর্থমন্ত্রী মুহিত।
বিশ্ব ব্যাংক কারো বিরুদ্ধে অভিযোগ করলেই তাকে আসামি করতে হবে- এমন ভাবনা যৌক্তিক নয় মন্তব্য করে গোলাম রহমান বলেন, “দুদক একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এর কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে। দুদক তার আইন অনুযায়ীই চলবে।”
দুদক কার্যালয়ে চেয়ারম্যন হিসাবে এটাই ছিল সাংবাদিকদের সঙ্গে গোলাম রহমানের বিদায়ী সাক্ষাৎ। শেষ বেলায় তিনি স্বীকার করেন, আইনগত সীমাবদ্ধতার কারণে গত ৪ বছরে কমিশন কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি।
“চার বছর আগে আমি যখন চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলাম তখন বলেছিলাম, দুদক একটা টুথলেস টাইগার। এই চার বছরে পরিস্থিতির খুব অগ্রগতি হয়েছে, এমনটা বলা যাবে না। আইনগত সীমাবদ্ধতা ও বিচারব্যাবস্থার দীর্ঘসূত্রতা দুদকের সাফল্যের পথে অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।”
চলতি মাসের ২৩ জুন দুদক চেয়ারম্যানের পদ থেকে অবসর নেবেন গোলাম রহমান। ২০০৯ সালের ২৩ জুন এই পদে যোগ দিয়েছিলেন তিনি।
