চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকায় এক মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. মহসিন (১৭) আল-আমীন বাড়িয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিলেন।
বুধবার সকালে ওই মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে চান্দগাঁও থানার ওসি বাবুল চন্দ্র বণিক জানান।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসা চত্বরের পিছনের নর্দমার উপর থেকে মহসিনের লাশ উদ্ধার করা হয়।
তার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে ওসি বলেন, মহসিনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মহসিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বহদ্দার পাড়া গ্রামের মো. শফিউল্লাহর ছেলে।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
