২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটটি সংসদীয় কমিটি পুনর্গঠন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ আটটি সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 12:58 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

Image
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের। এমন দৃশ্য কমই দেখা গেছে নবম সংসদের মেয়াদকালে।

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের। এমন দৃশ্য কমই দেখা গেছে নবম সংসদের মেয়াদকালে।

পুনর্গঠিত হয়েছে পদাধিকার বলে স্পিকার যেসব কমিটির সভাপতি সেগুলো এবং মন্ত্রণালয় সম্পর্কিত পাঁচটি কমিটি।

মঙ্গলবার সংসদ অধিবেশনের শুরুতেই এসব কমিটি পুনর্গঠন হয়।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী একটি এবং বাকিগুলো সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে প্রধান হুইপ আব্দুস শহীদ এসব কমিটি পুনর্গঠনের প্রস্তাব দেন। পরে এগুলো সংসদে গ্রহণ করা হয়।

পিটিশন কমিটিতে পদাধিকার বলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি এবং আলী আশরাফ ও বেনজীর আহমেদকে সদস্য করা হয়েছে।

স্পিকারের সভাপতিত্বে গঠিত কার্যপ্রণালী বিধি কমিটিতে সরকারি দলের জ্যেষ্ঠ সদস্য আমির হোসেন আমুকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই কমিটির সাবেক সদস্য শিরীন শারমিন চৌধুরী সভাপতি হওয়ায় কমিটি পুনর্গঠন করা হয়।

বিশেষ অধিকার কমিটির শূন্য আসনে প্রধান হুইপ আব্দুস শহীদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটির সভাপতি পদাধিকার বলে স্পিকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নসরুল হামিদ বিপু ও জাহিদ মালেককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে সংরক্ষিত আসনের সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরাকে মনোনয়ন দিয়েছে সংসদ।

এই কমিটির সাবেক সভাপতি মেহের আফরোজ চুমকি প্রতিমন্ত্রী হওয়ায় এই কমিটি পুনর্গঠন করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে সরকারি দলের সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল ও ইসরাফিল আলমকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সদস্য হিসেবে আলী আসগর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংসদীয় কমিটিতে আমানুর রহমান রানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।