মিঠাপুকুরে ওরাঁও সম্প্রদায়ের একজনকে গলাকেটে হত্যা
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ওরাঁও সম্প্রদায়ের এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ক্ষিতিশ ওরাঁও (৪৮) উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের নওয়াপুকুর গ্রামের প্রয়াত ভারত ওরাঁও এর ছেলে।
তিনি একই ইউনিয়নের তৈয়বপুর গ্রামের আসাদুজ্জামান কেনেডির বাড়িতে দীর্ঘদিন ধরে নৈশপ্রহরীর কাজ করতেন।
মঙ্গলবার বেলা ২টায় বাড়ির অদূরে নওয়াপুকুর বিল থেকে ক্ষিতিশের লাশ উদ্ধার করে পুলিশ।
মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্বৃত্তরা ক্ষিতিশকে গলাকেটে হত্যার পর লাশ বিলের পানিতে ফেলে রাখে। দুপুরে লাশটি ভেসে উঠলে এলাকাবাসির নজরে আসে।
“নিহতের ৪২ শতক জমি নিয়ে প্রতিবেশী বিশ্বনাথ ওরাঁওয়ের সঙ্গে ৬টি মামলা হয়। এরই মধ্যে ৪টি মামলায় ক্ষিতিশের পক্ষে রায় হয়। দুটি মামলা বিচারাধীন। এ হত্যাকাণ্ডের সঙ্গে মামলার বিষয়টিও সম্পৃক্ত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।”
নিহতের স্ত্রী বাদি হয়ে বিশ্বনাথ ওরাঁওকে আসামি করে হত্যা মামলা করেছেন। ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
নিহতের স্ত্রী দুলোমাই ওরাঁও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্ষিতিশ সোমবার সন্ধ্যায় আসাদুজ্জামানের বাড়িতে নৈশপ্রহরীর কাজ করতে যান। সকালে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়।
