এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু অগাস্টে
রাজধানীতে বহুল আলোচিত এলিভেটেড এক্সপ্রেস ওয়ের প্রথম ধাপের নির্মাণ কাজ আগামী অগাস্ট মাসেই শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
৮ হাজার ৭০৩ কোটি টাকা ব্যয়ে ৪০ কিলোমিটার দীর্ঘ এই উড়ালপথ নির্মাণের প্রথম ধাপে শাহজালাল বিমান বন্দর থেকে তেজগাঁও পর্যন্ত ৮ কিলোমিটার অংশের কাজ হবে দুই ভাগে।
এর মধ্যে বিমান বন্দর থেকে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত ৫ কিলোমিটার এবং ফ্লাইওভার থেকে তেজগাঁও পর্যন্ত ৩ কিলোমিটারের কাজ শুরু হবে আগামী অগাস্টে।
দ্বিতীয় ধাপে তেজগাঁও থেকে কমলাপুর পর্যন্ত ৮ কিলোমিটার এবং তৃতীয় ধাপে কমলাপুর থেকে চট্টগ্রাম সড়কের কুতুবখালী পর্যন্ত ৭ কিলোমিটার এলাকার কাজ চলবে।
এছাড়া এই এক্সপ্রেসওয়ের অবশিষ্ট ৩৩টি র্যোম্পের দৈর্ঘ্য হবে ১৭ কিলোমিটার।
রোজায় পরিবহন ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার এক সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের সামনে এই তথ্য তুলে ধরেন যোগাযোগ মন্ত্রী।
কাদের বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে ‘আগামী প্রজন্মের’ জন্য।
প্রকল্প ব্যয়ের ৮ হাজার ৭০৩ কোটি টাকার মধ্যে সরকারের ব্যয় হবে ২ হাজার ২৫৮ কোটি টাকা। ছয় কিস্তিতে এই অর্থের যোগান দেবে সরকার।
এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা ব্যাংককভিত্তিক ইতাল থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি প্রকল্পের বাকি টাকা যোগাবে।
আগে এর দৈর্ঘ্য ৪২ কিলোমিটার ধরা হলেও সংশোধিত প্রকল্প অনুযায়ী এই উড়ালপথের দৈর্ঘ্য ৪০ কিলোমিটার ধরা হয়েছে বলেও জানান মন্ত্রী।
