২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল জরিপ হবে ঢাকায়

রাজধানীতে ‘অবৈধ’ মোটরসাইকেলের ‘প্রকৃত সংখ্যা’ নির্ধারণে এক মাসের জরিপ শুরু করতে যাচ্ছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 09:17 AM

Updated : 23 Aug 2022, 11:01 AM

জরিপের এই এক মাসে নতুন করে কোনো মোটরসাইকেলের নিবন্ধন দেয়া হবে না বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার রোজার পরিবহন ব্যবস্থাপনা নিয়ে এক সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, রাজধানীতে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা দুই লাখ ৭৭ হাজার। তবে নগরীতে এর দুই থেকে তিনগুণ মোটরসাইকেল থাকতে পারে।

জরিপ শেষে এক মাস পর রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিষয়ে ‘কঠিন সিদ্ধান্ত’ নেয়া হবে বলে উল্লেখ করেন কাদের।

ঢাকা শহরের বাইরের মোটরসাইকেলও ঢাকায় চলাচল করছে জানিয়ে যোগাযোগ মন্ত্রী বলেন, জরিপে এসব বিষয়ও দেখা হবে।

সভা শেষে সড়ক বিভাগ সচিব এমএএন ছিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এক মাসের জন্য বন্ধ থাকবে।

বেপরোয়া যানবাহন চলাচলে যানজট নিরসন কঠিন হয়ে পড়েছে মন্তব্য করে যোগাযোগ মন্ত্রী বলেন, “রাজধানীর ফুটপাতগুলোতে মোটরসাইকেল ঝড়ের গতিতে চলে। ফুটপাতগুলো হকাররা দখল করে নিয়েছে। পথচারীদের হাঁটার স্থান নেই।’

কাদের জানান, ঢাকায় ‘ফিটেনেসবিহীন’ গাড়ি রয়েছে প্রায় এক লাখ ১৪ হাজার। নিয়ম অনুযায়ী এগুলো ‘ডাম্পিং’ করার কথা পুলিশের।

পরিবহন মালিক-শ্রমিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে যোগাযোগ মন্ত্রী জানান।

তিনি বলেন, ঈদ ও রোজা সামনে রেখে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলোর আশেপাশের এলাকা থেকে অবৈধ স্থাপনা সরানো এবং অবৈধ যানবাহন চলাচলও নিয়ন্ত্রণ করা হবে।

“এ ব্যাপারে মাইকিং করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে তুঘলকি কাণ্ড করা ঠিক হবে না। রাতারাতি সব কিছু ঠিক করাও যাবে না।”

সড়ক বিভাগ সচিব এমএএন ছিদ্দিকসহ যোগাযোগ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা সচিবালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন।