চট্টগ্রামে দোকানি খুনের ঘটনায় আরেকজন গ্রেপ্তার
চট্টগ্রামে দোকান কর্মচারী জসীম উদ্দিন খুনের ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. সুমন (১৯) ছিনতাইকারী বলে পুলিশ দাবি করেছে।
মঙ্গলবার ভোররাতে নগরীর ষোলশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী জানান।
তিনি বলেন, সুমন মাদকসেবী। ছিনতাই করে মাদকের টাকা সংগ্রহ করেন।
রোববার গভীর রাতে নগরীর দামপাড়া মহিলা সমিতি (বাওয়া) স্কুলের সামনে ছুরিকাঘাতে নিহত হন দোকান কর্মচারী জসীম উদ্দিন (৪০)।
ঘটনার পর রানা (১৯) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে রানা আদালতে জবানবন্দি দিয়েছেন বলে ওসি জানান।
তিনি বলেন, রানা ও সুমন মিলে ছিনতাইয়ের উদ্দেশ্যে জসীমকে ছুরিকাঘাত করে।
