নিউজ প্রিন্টের শুল্ক কমানোর দাবি বিবেচনার আশ্বাস মন্ত্রীর
নিউজপ্রিন্ট আমদানিতে আগামী অর্থছরের বাজেটে প্রস্তাবিত শুল্ক হার কমানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সচিবালয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের(নোয়াব) নেতাদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি।
তিনি বলেন, “বিষয়টি আমার বিবেচনায় রয়েছে। তাদের দাবি সমীচীন, তবে তাদের কোনো কথা দিইনি।”
অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার পর নোয়াব সভাপতি মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, “আমাদের দাবি কেন যৌক্তিক, তা মন্ত্রীকে বুঝিয়ে বলেছি, পাশাপাশি কিছু ডকুমেন্টও দিয়েছি। তিনি(অর্থমন্ত্রী) কনভিন্সড।”
সমকালের সম্পাদক গোলাম সারওয়ার বলেন, “আশা করি পজিটিভ কিছু হবে। মন্ত্রী মহোদয় হাস্যমুখে বিদায় দিয়েছেন।”
গত ৬ জুন ২০১৩-১৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি মুদ্রণশিল্পের জন্য ব্যবহৃত প্লেটের আমদানি শুল্কও ৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়।
এই প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করে নোয়াব। প্রস্তাবিক শুল্কহার কার্যকর না করতে গত ৯ জুন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অনুরোধ জানায় সম্পাদক পরিষদ।
তবে অর্থমন্ত্রী এর আগে বলেছিলেন, দেশের কাগজ শিল্পের সুক্ষায় নিউজ প্রিন্টের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন তিনি।
নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, “স্থানীয় কাগজ কলগুলো যে সংবাদপত্র শিল্পের জন্য মানসম্পন্ন কাগজ সরবরাহ করতে পারবে না, অর্থমন্ত্রীকে তা বোঝাতে আমরা সক্ষম হয়েছি।”
