নুরুল ইসলামের মৃত্যুর তদন্ত র্যাবকে করতে নির্দেশ
ক্ষমতাসীন মহাজোটের শরিক গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলামের মৃত্যুর ঘটনাটি তদন্ত করতে র্যাবকে দায়িত্ব দিয়েছে আদালত।
তদন্ত শেষ করে আগামী ১০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতেও সংস্থাটির মহাপরিচালককে সোমবার নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান।
২০০৮ সালে নির্বাচনের এক মাসেরও কম সময় আগে ঢাকার লালমাটিয়ায় নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হন বামপন্থী নেতা নুরুল ইসলাম। এতে তিনি ও তার ছেলে তমোহর ইসলাম মারা যান।
নোয়াখালীর চাটখিল আসনে নির্বাচনের প্রস্তুতি নেয়া নুরুল ইসলামের বাড়িতে এই আগুন নাশকতা বলে সন্দেহ করে আসছে তার সহকর্মীরা।
অগ্নিকাণ্ডের ঘটনায় নুরুল ইসলামের ভায়রা বি এম হাসান একটি মামলা করেন। ওই মামলার তদন্তের পর পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়ে জানায়, ওই অগ্নিকাণ্ড ছিলো দুর্ঘটনা।
তবে বাদী ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে আদালতে অধিকতর তদন্তের আবেদন করেন। তাতে সোমবার সাড়া দেয় আদালত।
বিচারকের আদেশে বলা হয়, র্যাবের মহাপরিচালক নিজে অথবা অন্যূন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে দিয়ে এই অধিকতর তদন্ত করতে হবে।
“নুরুল ইসলাম ও তার ছেলের মারা যাওয়ার ঘটনাটি চাঞ্চল্যকর ঘটনা। যে কারণে মামলাটি অধিকতর তদন্ত হওয়া প্রয়োজন,” বলা হয় আদেশে।
নুরুল ইসলাম বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ছিলেন। তার স্ত্রী কবি রুবী রহমান বর্তমান সংসদের সদস্য।
২০০৮ সালের ২ ডিসেম্বর নিজের নির্বাচনী এলাকায় যাওয়ার সময় নুরুল ইসলাম খবর পান, তিনি ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হয়েছেন। এ সংবাদ পাওয়ার পর কুমিল্লা থেকে ঢাকায় ফিরে আসেন তিনি।
মামলার এজাহারে বলা হয়, মৃত্যুর আগে নুরুল ইসলাম বলে গেছেন যে ঘরে আগুন লাগানো হয়েছিলো। মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়নের পর হুমকি পাওয়ার কথাও বলেছিলেন তিনি।
রুবী রহমান ওই সময় যুক্তরাষ্ট্রে মেয়ে মৌটুসী ইসলামের কাছে ছিলেন।
গত ৮ মে মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক শাহানূর বারী। এরপর এতে আপত্তি জানান বাদি বি এম হাসান।
মামলার নথিপত্রে দেখা যায়, এই অগ্নিকাণ্ড নিয়ে ২০১২ সালের ৬ ডিসেম্বর অগ্নিনির্বাপক বাহিনী গঠিত কমিটির প্রতিবেদনে বলা হয়- বৈদ্যুতিক গোলযোগের ফলে ফ্রিজ থেকে আগুনের সূত্রপাত হয়।
২০০৯ সালের ৭ জানুয়ারি সিআইডির রাসায়নিক পরীক্ষায় উল্লেখ করা হয়, মামলার আলামত হিসেবে বাদামী কাগজে রক্ষিত কয়লা ও ছাইতে কোনো দাহ্য পদার্থ পাওয়া যায়নি।
২০০৯ সালের ২০ জানুয়ারি বিস্ফোরক অধিদপ্তরের দেয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, আলামত (১০০ গ্রাম ছাই) রাসায়নিক পরীক্ষায় কোনো বিস্ফোরকের উপাদান পাওয়া যায়নি।
তবে ২০০৮ সালের ২১ ডিসেম্বর ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দেয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফ্ল্যাটের মেইন সার্কিট ব্রেকার ও ফ্রিজের সংযোগকৃত সিঙ্গেল সার্কিট ব্রেকারটি ট্রিপ অবস্থায় পড়ে আছে অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। যেহেতু বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, সেহেতু বিদ্যুৎ সরবরাহ থেকে আগুন লাগার সম্ভাবনা নেই।
অন্যদিকে ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর বিসিএসআইআর’র তদন্ত প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের আলামত ছাইয়ের বিশ্লেষণে নাইট্রোজেন অক্সাইড গ্রুপের উপস্থিতি ধরা পড়ে। এছাড়া প্রচুর পরিমাণ লেড অক্সাইডের উপস্থিতিও ছিলো।
নমুনায় এই উপাদান পাওয়া থেকে নাশকতার সন্দেহ প্রকাশ করা হয় ওই প্রতিবেদনে।
