২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভর্তিতে অতিরিক্ত টাকা নেয়াদের বিরুদ্ধে পদক্ষেপ কী’

ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সরকারের পদক্ষেপ কী, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 03:36 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

একটি রিট আবেদনে সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ আগামী ১৩ জুলাইয়ের মধ্যে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ আদালতকে জানাতে বলেছে।

এই জবাব চাওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সব শিক্ষার বোর্ডের চেয়ারম্যানের কাছে।

গণসাক্ষরতা অভিযান এবং ব্লাস্টের পক্ষে আবেদনটি পরিচালনা করেন ব্যারিস্টার সারাহ হোসেন ও ব্যারিস্টার আশরাফুল হাদী।

আশরাফুল হাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতিরিক্ত অর্থ নেয়া মাত্র দু্টি প্রতিষ্ঠানকে ‘নামকাওয়াস্তে’ কারণ দর্শানোর নোটিস দেয়া হয়, এরও পরবর্তী কার্যক্রম সঠিকভাবে করা হয়নি।

Image
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট

“আমরা আদালতে তাদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছি। আদালত আমাদের প্রার্থনা অনুসারে আদেশ দিয়েছে।”

স্কুল এবং কলেজে অতিরিক্ত ভর্তি ফি ও ডোনেশনের নামে অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে সরকারের তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপনের পর এই আদেশ আসে।

রাজধানীর বিভিন্ন স্কুলে ভর্তিতে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ উঠলে তা তদন্ত করে শিক্ষা মন্ত্রণালয়। তদন্তে ৪৭টি স্কুলের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া যায়।

এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেয়া অতিরিক্ত অর্থ ফেরত দিতে মন্ত্রণালয় নির্দেশ দিলেও তা মানছে না কয়েকটি বিদ্যালয়।

ব্লাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালে বিভিন্ন সংবাদপত্রে দেশব্যাপী স্কুল কলেজগুলোতে অতিরিক্ত ভর্তি ফি (৮,০০০/- টাকা থেকে ৩২,০০০/- টাকা পর্যন্ত) আদায় সংক্রান্ত প্রতিবেদন দেখে ওই সময় রিট আবেদনটি করা হয়।

পুরনো খবর:

৫ কোটি টাকা ‘ফেরত দেবে না’ মনিপুর স্কুল