মঙ্গলবার থেকে পাহাড়ে ৭২ ঘণ্টার হরতাল
পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনী প্রস্তাব সংসদে উপস্থাপনের প্রতিবাদে ও বাতিলের দাবিতে মঙ্গলবার থেকে আবারো তিন পার্বত্য জেলায় টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বাঙালিদের দুটি সংগঠন।
সোমবার রাঙামাটিতে এক সংবাদ সম্মেলনে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ নেতারা এ হরতালের ঘোষণা দেন।
রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন পার্বত্য নাগরিক পরিষদ রাঙামাটি জেলার সভাপতি বেগম নূর জাহান।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা কমিটির সভাপতি মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মো. আলমগীর।
এর আগে একই দাবিতে গত ৯ জুন থেকে পাহাড়ে টানা ৭২ ঘণ্টার হরতাল ডেকেছিল বাঙালিরা।
