চোর সন্দেহে শিশুকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে বিষয়টি ‘আপসরফা’ হওয়ায় থানায় অভিযোগ করেনি নিহতের পরিবার।
সন্তোষ এনায়েতপুরের আজুগড়া হিজলতলা গ্রামের আমির আলী মোল্লার ছেলে। সে তাঁতমালিক ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বদর উদ্দিনের বাড়ির প্রসেস মিলে কাজ করত।
এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পিটুনিতেই শিশুটির মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারের কেউ এ ব্যাপারে কোন অভিযোগ করেনি। তাদেরকে থানায় এসে মামলা করার জন্য বলা হয়েছে।”
আপসের ব্যাপারে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান এসআই শাহজাহান।
স্থানীয়রা জানান, রাতে কাজ শেষে হলে সিনেমা দেখে শিশুটি বাড়িতে না গিয়ে মিলেই ঘুমিয়ে পড়ে। ভোরে সে বাড়ির দিকে রওয়ানা হলে পথে স্থানীয় শহিদসহ কয়েক ব্যক্তি চোর সন্দেহে শিশুটিকে বেধড়ক মারপিট করে।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সন্তোষ মারা যায়। পরে স্থানীয় লোকজন টাকার বিনিময়ে বিষয়টি আপসরফা করে দেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এনায়েতপুর থানার ওসি ওহেদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে এসআই শাহজাহান আলীকে পাঠানো হয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ না করায় মামলা করা হয়নি।
