২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফাস্ট ট্র্যাক কমিটিতে’ পদ্মা-রূপপুর প্রকল্প

দ্রুততার সঙ্গে বাস্তবায়নের জন্য তিনটি প্রকল্পের দায়িত্ব নিয়েছে ফাস্ট ট্র্যাক প্রজেক্ট মনিটরিং কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 03:36 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই কমিটির প্রথম বৈঠকে পদ্মা বহুমুখী সেতু, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ও কয়লা ভিত্তিক বিগ পাওয়ার প্লান্ট প্রকল্প নির্বাচন করা হয়।

বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ একথা জানান।

এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এর আগে সরকারের মেয়াদের শেষে ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে অগ্রাধিকার ভিত্তিতে ৭টি বৃহত্তম প্রকল্প বাছাই করা হয়।

এসব প্রকল্পের মধ্যে ছিল সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ, একটি এলএনজি টার্মিনাল, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, অনেকগুলো কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, এশিয়ান সুপার হাইওয়ে ও মেট্রোরেল প্রকল্প।

পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পের একটি জটিল অংশ ছিল ভূমি অধিগ্রহণ এবং সরকার সেটি সফলভাবে সম্পন্ন করেছে।

এ কাজের জন্য দেড় হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে জানিয়ে তিনি পদ্মাসেতু সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম জোরদারের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।