২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান খুন

ঝিনাইদহ শহরে নলডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে রোববার রাতে সন্ত্রাসীরা কুপিয়ে ও বোমা মেরে হত্যা করা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 02:54 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

রাত পৌনে ৮টার দিকে চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে (৫০) তার বাসার কাছেই হত্যা করা হয় বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুহুল আমিন শহরের হামদা এলাকার নিজ বাসা থেকে বেরোনোর পর পরই আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে। সদর উপজেলা চেয়ারম্যান কনক কান্তি দাশের বাসার সামনে তাকে প্রথমে কুপিয়ে ও পরে বোমা মেরে ফেলে রেখে যায়।”

এ সময় আশপাশের লোকজন ছুটে আসতে চাইলে সন্ত্রাসীরা তাদের দিকেও কয়েকটি হাতবোমা ছুড়ে মারে। ঘটনাস্থল থেকে তিনটি হাতবোমা উদ্ধার করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা হাসানুজ্জামান।

রুহুল আমিন সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বাগুটিয়া গ্রামের গোলাম আলীর ছেলে ।

হাসানুজ্জামান বলেন, “একসময় চরমপন্থী দলের ক্যাডার হিসাবে পরিচিত ছিলেন রুহুল আমিন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। এর আগেও প্রতিপক্ষ তাকে হত্যার চেষ্টা করেছে।”

পুলিশ লাশ থানায় নিয়ে আসছে বলে জানান হাসানুজ্জামান। ঘটনার পর শহরে আতঙ্ক বিরাজ করছে। শহরে অতিরিক্ত টহল পুলিশ মোতায়েন করা হয়েছে।