ফরিদপুরে উত্ত্যক্তকারী যুবকের কারাদণ্ড
ফরিদপুরের সদরপুর উপজেলায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকাল সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পরিচালিত আদালত দিদার (২২) নামের ওই যুবককে বিনাশ্রম কারাদণ্ড দেয়।
সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্সী আতিকুর রহমান বলেন, বেলা ১১টার দিকে দিদার সদরপুর মহিলা কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে।
পরে তাকে আটক করে পুলিশে দেয় কলেজ প্রশাসন। বিকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে একমাসের কারাদণ্ড দেয়া হয়।
দিদার সদরপুর সদর ইউনিয়নের বাইশরশি গ্রামের ফজলুল হক মিস্ত্রির ছেলে।
